ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার সাবেক পেসার মার্ভ হিউজ মনে করেন, শততম আন্তর্জাতিক শতকের বিপুল প্রত্যাশার চাপের কারণে ভুগতে হচ্ছে শচীন টেন্ডুলকারকে।
‘ফক্স স্পোর্টস নিউজ’-এর সঙ্গে কথা বলার সময় হিউজ জানান, টেন্ডুলকারের অসাধারণ মাইলফলক স্পর্শের সম্ভাবনা নিয়ে প্রচার মাধ্যম একটু বেশিই ব্যস্ত। তাই তার ধারণা, এটা হয়তো টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রান ও শতকের মালিকের ব্যাটিংয়ে বিরূপ প্রভাব ফেলছে।
তিনি বলেন, “নয় মাস আগে তিনি (টেন্ডুলকার) সর্বশেষ শতক করেছিলেন। আমার কাছে এটা দুদিন না খেয়ে থাকার মতো অভাবনীয় ঘটনা।”
“আমরা তার চাপের মুখে ভেঙ্গে পড়া নিয়ে কথাবার্তা শুনছি। তবে তিনি সত্যিই খুব ভালো ব্যাট করছেন। তিনি সব সময়ই ইতিবাচক। আর সেজন্যই আমার মনে হচ্ছে তিনি যে কোনো সময় এ সংক্রান্ত সব ধরনের গুঞ্জন থামিয়ে দিতে পারেন,” যোগ করেন হিউজ।
তিনি আরো বলেন, “প্রত্যেকেই এটাকে (অর্জনটাকে) একটা বিশাল ব্যাপার বলে মনে করছে। মিডিয়া তো এ ব্যাপারে ভীষণ উৎসুক। সেজন্যই হয়তো তিনি দীর্ঘ দিন ধরে অর্জনটার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। তার মনের মধ্যে যে এক ধরণের দোলাচল চলছে তা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই।”
এ প্রসঙ্গে রিকি পন্টিংকেও টেনে এনেছেন হিউজ। তিনি বলেন, “সর্বশেষ পাঁচটি টেস্ট ইনিংসের তিনটিতেই অর্ধশতক করেছেন রিকি পন্টিং। তবু অনেকেই বলছে তাকে বাদ দেয়া উচিৎ। শচীন হয়তো শতক পাচ্ছেন না, কিন্তু নিয়মিতই ৬০, ৭০ বা ৮০ রানের ওপরে গিয়ে জাদুকরী অংকটা ছোঁয়ার আগেই আউট হয়ে যাচ্ছেন।”
“টেস্ট ক্রিকেটে ৮০ রান করতে পারলে আমি রোমাঞ্চ অনুভব করতাম। অথচ শচীনের ক্ষেত্রে লোকে বলছে ‘মন্দ কপাল’,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২৪ঘ.
bdnews24