ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শুরুতেই কঠিন পরীক্ষার সামনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও রানার্সআপ মোহামেডান। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ শক্তিশালী ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডান খেলবে আরেক শক্তিশালী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে।
বিকেএসপির দুই নম্বর মাঠে দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে গাজী ট্যাঙ্ক-প্রাইম ধলেশ্বর।
গতবার শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা ইমরুল কায়েসকে এবার আর রাখেনি আবাহনী। দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজাও এবার নেই। গত লিগে অবশ্য চোটের কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি মাশরাফি।
তবে জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদ ও জাতীয় দলের নতুন তারকা ইলিয়াস সানির উপস্থিতি ভরসা যোগাচ্ছে আবাহনীকে। এই দুজনের সঙ্গে ফরহাদ রেজা, সাকলায়েন সজীব, ডলার মাহমুদকে নিয়ে এবারও তারা শিরোপা প্রত্যাশী।
অবশ্য প্রিমিয়ার লিগে উঠে আসা ব্রাদার্সের বিপক্ষে তাদের শক্ত পরীক্ষার সামনে পড়তে হতে পারে। দলবদলের সময় চমক দেখিয়ে আব্দুর রাজ্জাক, নাজিমউদ্দিন, তুষার ইমরান, নাফিস ইকবাল, আফতাব আহমেদ, ধীমান ঘোষ ও মাহবুবুল করিমকে নিয়ে শক্তিশালী দল গড়েছে ব্রাদার্স।
পুলের দুই খেলোয়াড় ইমরুল কায়েস ও নাঈম ইসলামের সঙ্গে রাজিন সালেহ, সৈয়দ রাসেল, ইমতিয়াজ আহমেদ তান্না, গোলাম মাবুদ, সাজিদ আল হাসানদের নিয়ে মোহামেডানও দারুণ শক্তিশালী।
তবে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলতে আসা শেখ জামাল চমকে দিতে পারে তাদের। জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সোহরাওয়ার্দী শুভ, তাপস বৈশ্য ও মেহরাব হোসেন জুনিয়রকে নিয়ে শিরোপা লড়াইয়ের মতো দলই গড়েছে তারা।
গাজী ট্যাঙ্ক আর প্রাইম ধলেশ্বরকেও হেলা-ফেলা করার উপায় নেই। অলক কাপালী, নাসির হোসেন, রনি তালুকদার, মুমিনুল হক, আসিফ আহমেদ, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ মিথুন, সানজামুলদের নিয়ে গড়ে ওঠা গাজী ট্যাঙ্ক যে কোনো দলকে হারাতে সক্ষম। অন্যদিকে প্রাইম ধলেশ্বরে আছেন শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন, খালেদ মাসুদ পাইলট, নাদিফ চৌধুরীর মতো নির্ভরযোগ্য ক্রিকেটাররা।
প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই তাই জমজমাট লড়াইয়ের ইঙ্গিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪৬ঘ.
bdnews24