ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতকের অভাবনীয় অর্জনের সম্ভাবনা জাগিয়ে আবারও ব্যর্থ শচীন টেন্ডুলকার। সেজন্য তিনি যেমন ব্যথিত তেমনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার অজস্র ভক্তও হতাশায় আচ্ছন্ন। তবে টেন্ডুলকারের সতীর্থদের বিশেষ করে ভারতীয় দলে নবাগত রবিচন্দ্রন অশ্বিনের দৃঢ় বিশ্বাস, অনন্য সাধারণ মাইলফলক স্পর্শ করা এই ব্যাটিং-প্রতিভার জন্য শুধুই সময়ের ব্যাপার।
টেস্ট-ওয়ানডে দু ধরণের ক্রিকেটেই সর্বোচ্চ রান ও শতকের মালিক টেন্ডুলকার মঙ্গলবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ৭৩ রান করেন। দিনের খেলা শেষ হওয়ার মাত্র ৩ বল আগে পিটার সিডলের বলে বোল্ড হয়ে যান তিনি।
টেন্ডুলকার আউট হওয়ার পর মেলবোর্ন ক্রিকেট মাঠে (এমসিজি) দর্শকদের একটি বড় অংশ অস্ফুট স্বরে হতাশা প্রকাশ করে। এমসিজিতে খেলা দেখতে আসা ৫৩ হাজার দর্শকের অনেকেই ভারতের মানুষ বা ভারতীয় বংশোদ্ভূত।
তবে টেন্ডুলকার শতক করতে ব্যর্থ হলেও দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেটে ২১৪ রান নিয়ে ভালো অবস্থানে আছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩৩৩ রানের চেয়ে ১১৯ রানে পিছিয়ে থাকলেও ৬৮ রানে অপরাজিত রাহুল দ্রাবিড়ের দৃঢ়তা লিড নেয়ার স্বপ্ন দেখাচ্ছে অতিথিদের।
মঙ্গলবার খেলা শেষে সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, “এটা (টেন্ডুলকারের শততম শতক) এক সময় অবশ্যই হবে। এ নিয়ে খুব বেশি চিন্তা-ভাবনা করার কিছু নেই। এই টেস্টের বর্তমান অবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট। তবে আর একটা উইকেট কম পড়লে ভালো হতো। তিনি (টেন্ডুলকার) আজ খুব ভালো খেলেছেন। যদিও শেষ পর্যন্ত একটা ভালো বলে আউট হয়ে গেছেন।”
গত মার্চে নাগপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে ৯৯তম শতকের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর তিন অংকের ঘরে যেতে পারেননি টেন্ডুলকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২২ঘ.
bdnews24