ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ আট হাজার টেস্ট রানের মাইলফলক অতিক্রম করেছেন মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন মঙ্গলবার।
পিটার সিডলের বলে এক রান নিয়ে ২০-এ পৌঁছার সঙ্গে সঙ্গে শেবাগ পৌঁছে যান আট হাজার রানে।
২৩তম ক্রিকেটার ও পঞ্চম ভারতীয় হিসেবে তিনি আট হাজার রান করলেন। এই পাঁচ ভারতীয় হলেন শচীন টেন্ডুলকার (১৫,১৮৪), রাহুল দ্রাবিড় (১৩,১১৯), সুনীল গাভাস্কার (১০,১২২), ভিভিএস লক্ষ্মণ (৮,৬২৬) ও শেবাগ (৮,০৪৭)।
আট হাজার রানের রানের মাইলফলকে পৌঁছতে ১৬০ ইনিংস খেলতে হলো শেবাগকে। সবচেয়ে কম ইনিংসে আট হাজার রানের মাইলফলকে পৌঁছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তাকে খেলতে হয়েছে ১৫২ ইনিংস। তার পরেই আছেন টেন্ডুলকার। তাকে খেলতে হয়েছে ১৫৪ ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্সের লেগেছে ১৫৭ ইনিংস। আর দ্রাবিড়ের ১৫৮।
এটি শেবাগের ৯৩তম টেস্ট। তার অভিষেক হয় ২০০১ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৬ ঘ.
bdnews24