ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেস বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার নতুন সেনসেশন ভেরনন ফিল্যান্ডার। সিরিজের প্রথম টেস্টে মূলত তার মারাত্মক বোলিংয়ের সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও ৮১ রানের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে সোমবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে এখনো অনিশ্চিত ফিল্যান্ডার। কারণ চোট!
ডারবানে শনিবার অনুশীলনের সময় বাঁ-হাঁটুতে চোট পান ফিল্যান্ডার।
২৬ বছর বয়সী ফিল্যান্ডারের টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয়েছে স্বপ্নের মত। মাত্র তিন টেস্টে তিনি তুলে নিয়েছেন ২৪টি উইকেট। এর মধ্যে সেঞ্চুরিয়ন টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট।
যদিও এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে কিংসমেডে ফিল্যান্ডারের মাঠে নামা নিয়ে আশাবাদী দক্ষিণ আফ্রিকা শিবির।
দলের ব্যবস্থাপক মোহাম্মেদ মোসাজি বলেন, “নেটে বল করার সময় তার (ফিল্যান্ডার) বাঁ-হাঁটুর মাঝামাঝি জায়গার পেশিতে টান লেগেছে। সারা রাত তার চিকিৎসা চলেছে। সোমবার খেলার ব্যাপারে সিদ্ধান্ত তার নিজের। তবে এখনো আমরা আশা করছি সে খেলতে পারবে।”
যদি ফিল্যান্ডার খেলতে না পারেন সেই ক্ষেত্রে অভিষেক হতে পারে ২১ বছর বয়সী ফাস্ট বোলার মার্চেন্ট ডি ল্যাঙ্গের। ১৪টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন ল্যাঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯০৬ ঘ.
bdnews24