ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
‘দ্য ডেইলি টাইমস’ কে পিসিবি কর্মকর্তা সুবহান আহমেদ বলেন, “আমরা একজন প্রধান কোচের খোঁজে আছি এবং এ বিষয়ে কথা বলতে হোয়াটমোর আগামী মাসের যেকোনো সময়ে পাকিস্তানে আসবেন।”
“যদিও এখনো কোনো কিছুই নিশ্চিত নয়। তবে আমরা হোয়াটমোরকে নিয়োগ দেয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছি। যদিও আমরা প্রার্থীদের সঙ্গে নিয়মানুযায়ী সাক্ষাতের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে এটা ঠিক দৌড়ে হোয়াটমোর কিছুটা এগিয়ে,” যোগ করেন তিনি।
১৯৯৬ সাালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন হোয়াটমোর। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্বে আছেন তিনি।
৫৭ বছর বয়সী হোয়াটমোর অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট খেলেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে সেপ্টেম্বরে ওয়াকার ইউনুস কোচের দায়িত্ব ছেড়ে দিলে পাকিস্তানের অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয় মহসিন খানকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৩৩ ঘ.
bdnews24