ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শচীন টেন্ডুলকারের শততম আন্তর্জাতিক শতক পাওয়ার ব্যাপারে শেন ওয়ার্ন প্রায় নিঃসন্দেহ । তবে তিনি মনে-প্রাণে চাইছেন মেলবোর্নেই যেন কাক্সিক্ষত শতকটা পেয়ে যান টেন্ডুলকার। আগামী সোমবার থেকে মেলবোর্নে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট।
ওয়ার্ন বলেন, “আমি মনে করি শচীন তার শততম শতক অস্ট্রেলিয়াতেই পাবেন। তবে আমি চাই তিনি যেন মেলবোর্নেই শতকটা পান।”
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি হবে টেন্ডুলকারের জীবনের ১৮৫তম টেস্ট। টেস্টে এখন পর্যন্ত ৫১টি শতকসহ ৫৬.০৩ গড়ে ১৫,১৮৩ রান করেছেন তিনি। অন্যদিকে ৪৫৩টি ওয়ানডেতে ৪৮টি শতকসহ ৪৫.১৬ গড়ে তার রান ১৮,১১১।
গত মার্চে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৯তম আন্তর্জাতিক শতক করেছিলেন টেন্ডুলকার। এর পর কয়েক বার কাছাকাছি গেলেও আর শতকের দেখা পাননি।
টেস্ট ক্রিকেটে টেন্ডুলকার সর্বশেষ শতকও করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গত জানুয়ারিতে কেপ টাউন টেস্টে ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস এসেছিলো তার ব্যাট। তবে এর পর টেন্ডুলকারের টানা ১৪টি টেস্ট ইনিংস তিন অংক স্পর্শ করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৫ঘ.
bdnews24