ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ও শেষ টেস্টে ১৪৪ রান করার পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ৬ উইকেট। প্রথম বাংলাদেশী হিসেবে একটি টেস্টে শতক ও ইনিংসে ৫ উইকেট নেয়ার গৌরব তাই সাকিব আল হাসানের অধিকারে। সাকিবের ঘূর্ণি-জাদুর সৌজন্যেই দেশের মাটিতে প্রথমবারের মতো কোনো টেস্টে পাকিস্তানকে অলআউট করলো বাংলাদেশ। এমন দুর্দান্ত নৈপুণ্যের জন্য তিনিই ম্যাচ সেরা।
চট্টগ্রামে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মিরপুরে প্রথম ইনিংসে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে আবারো একই লজ্জায় পড়ার শঙ্কায় ছিলো স্বাগতিকরা। তবে পঞ্চম উইকেটে শাহরিয়ার নাফীসকে সঙ্গী করে ১৮০ ও ষষ্ঠ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৮২ রানের দুটো দারুণ জুটি গড়েন সাকিব। মুশফিকের ভুলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট না হলে হয়তো টেস্টে বাংলাদেশের পক্ষে মোহাম্মদ আশরাফুলের (১৫৮) ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও ভেঙ্গে ফেলতেন তিনি।
তবে তাতে হতোদ্যম হননি ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা সাকিব। পাকিস্তানের প্রথম ইনিংসে তিনি একে-একে ফিরিয়ে দিয়েছেন আজহার আলী, মিসবাহ-উল-হক, আদনান আকমল, আব্দুর রেহমান, উমর গুল ও সাঈদ আজমলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩৩ ঘ.
bdnews24