ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৌফিক উমরের সপ্তম শতকের সুবাদে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেট ২৯২ রান করেছে পাকিস্তান। স্বাগতিকদের চেয়ে এখনো ৪৬ রানে পিছিয়ে আছে তারা।
তৌফিক ২৫৬ বলে ১৬টি চারের সাহায্যে ১৩০ রান করেন।
ইউনুস খান ৪৮ ও অধিনায়ক মিসবাহ-উল-হক ২৬ রানে অপরাজিত আছেন।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৪৭ রান যোগ করেন তারা।
তৃতীয় দিন ৬৯ ওভার খেলে ২ উইকেটে ২০৫ রান যোগ করেছে সফরকারীরা।
১ উইকেটে ৮৭ রান নিয়ে সোমবার দিনের খেলা শুরু করে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের আঁটোসাটো বোলিংয়ে রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারালেও ২১ ওভারে মাত্র ৫১ রান তুলতে সক্ষম হন তৌফিক ও আজহার আলী।
দ্বিতীয় উইকেটে ১২৭ রান যোগ করে পাকিস্তানকে শক্ত ভিত গড়ে দেন তৌফিক ও আজহার। অর্ধশতকে পৌঁছানোর পর সাকিব আল হাসানের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে আজহার (৫৭) সাজঘরের পথ ধরলে দিনের প্রথম সাফল্য পায় বাংলাদেশ।
তৃতীয় উইকেটে তৌফিক ও ইউনুস যোগ করেন আরো ৯৫ রান। দ্বিতীয় নতুন বলের চতুর্থ ওভারে (ম্যাচের ৮৪তম) নাজমুল হোসেনের বলে স্লি¬পে শাহরিয়ার নাফীসের হাতে ধরা পড়েন তৌফিক। দলীয় রান তখন ২৪৫/৩। যদিও তৌফিক ব্যক্তিগত ৫৬, ৬৬ ও ১১৮ রানে তিনবার জীবন পান।
ইনিংসের ৩৭তম ওভারে প্রথমবার বেঁচে যান তৌফিক। সাকিবের করা ওই ওভারের তৃতীয় বল একটু এগিয়ে এসে খেলার চেষ্টা করেন তিনি। বল মুশফিকের হাতে জমা পড়ার পরও ক্রিজ থেকে বেশ দূরে তিনি। বল ধরেই ক্যাচের জন্য আবেদন করতে থাকেন মুশফিক। কিন্তু ওই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। আর স্ট্যাম্পিংয়ের সহজ সুযোগ হাতছাড়া করেন অধিনায়ক!
মধ্যাহ্ন-বিরতির পর প্রথম বলেই আবারো বেঁচে যান তৌফিক। রবিউল ইসলামের খাটো লেন্থের বল কাট করতে গিয়ে গালিতে ক্যাচ দেন তিনি। কিন্তু ওই ক্যাচ ধরতে ব্যর্থ হন নাজিমুদ্দিন।
চা-বিরতির পর তৃতীয় ওভারে তৃতীয়বারের মত জীবন পান তৌফিক। সিলি মিডঅফে ইলিয়াস সানির বলে নাফীসের কাছে ক্যাচ দিয়েও বেঁচে যান তিন।
তার আগে অবশ্য একবার জীবন পান ইউনুস খানও। নাসির হোসেনের করা ৭২তম ওভারের চতুর্থ বলে ডিপ মিডউইকেটে শাহাদাত হোসেনের কাছে ক্যাচ দেন ১৫ রানে থাকা ইউনুস। কিন্তু ওই সুযোগ হাত ছাড়া করেন শাহাদাত।
বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন ২ উইকেট নেন ৫১ রানে।
এর আগে ঘন কুয়াশার কারণে এক ঘন্টা পনের মিনিট পর দিনের খেলা শুরু হয়। প্রায় শুরু থেকেই খেলা চলে ফ্লাড-লাইটের আলোয়। কুয়াশার কারণে প্রথম দিন এক ঘন্টা পনের মিনিট ও দ্বিতীয় দিন এক ঘন্টা পর খেলা শুরু হয়। এ কারণে তিন দিনে সব মিলিয়ে ৬৪ ওভার খেলা কম হয়েছে।
প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩৩৮ রান।
চট্টগ্রামে প্রথম টেস্ট হেরে দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৬৫৫ ঘ.
bdnews24