২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো অবস্থানে খুলনা ও রাজশাহী

ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্বের খেলার প্রথম দিনে মিথুন আলীর ঝড়ো শতকের সুবাদে সিলেটের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে খুলনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্বের খেলার প্রথম দিনে মিথুন আলীর ঝড়ো শতকের সুবাদে সিলেটের বিপক্ষে ভালো অবস্থানে রয়েছে খুলনা। অন্য খেলায় সাকলায়েন সজীব ও মুক্তার আলীর মারাত্মক বোলিংয়ে ঢাকার বিপক্ষে সুবিধাজনক অবস্থানে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। খুলনা-সিলেট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মিথুনের অপরাজিত ১০৫ রানের সুবাদে রোববার দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৯৬ রান করেছে খুলনা। মিথুনের ১০২ বলের ইনিংসে চারটি চার ও ছয়টি বিশাল ছক্কা রয়েছে। অধিনায়ক তুষারের ব্যাট থেকে আসে ৬২ রান। দলীয় ১৩২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন তুষার। ১১৮ বলের ইনিংসে ৮টি চার ও একটি বিশাল ছক্কা মারেন তিনি। এছাড়া ডলার মাহমুদ ৩৯ বলে চারটি চার ও দুটি বিশাল ছক্কার সাহায্যে ৪০ রান করেন। সিলেটের পক্ষে অলক কাপালী, তাপস বৈশ্য ও নাবিল সামাদ ২টি করে উইকেট নেন। ঢাকা মেট্রো-রাজশাহী সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। ব্যাট করতে নেমে শামসুর রহমানের অর্ধশতকের পরও প্রথম ইনিংসে ২০১ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো। জবাবে দিন শেষে ১ উইকেটে ৯৪ রান করেছে রাজশাহী। এখনো ১০৭ রানে পিছিয়ে আছে তারা। জহুরুল ইসলাম ৪৭ ও জুনায়েদ সিদ্দিক ৩৫ রানে ব্যাট করছেন। এ পর্যন্ত অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৮৭ রান যোগ করেছেন তারা। এর আগে মাত্র ৩১ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল (৯) ও আরমান হোসেন (১৩) বিদায় নিলে শুরুতেই চাপে পড়ে ঢাকা মেট্রো। তৃতীয় উইকেটে শামসুর ও আসিফ আহমেদ ৯৩ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন। দলীয় ১২৪ রানে আসিফ (৪৫) বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় ঢাকা মেট্রো। এক পর্যায়ে দলটির স্কোর ছিলো ৩ উইকেটে ১৫০ রান। সেখান থেকে আর ৫১ রান যোগ করে শেষ ৭টি উইকেট হারায় তারা। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে শামসুর করেন ৫৩ রান। তার ১০৪ বলের ইনিংসে ৬টি চার ও দুটি বিশাল ছক্কা। এছাড়া মেহরাব হোসেন জুনিয়র ১৮ রান করেন। রাজশাহীর পক্ষে সাকলায়েন সজীব ৫ উইকেট নেন ৫৯ রানে। এছাড়া মুক্তার আলী ৪৭ রানে নেন ৪ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১০৮ ঘ.