২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দিত সাকিব, আশাবাদী সাকিব

ব্যাটিং-ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে বাংলাদেশ আবার আনন্দে উদ্বেল। আনন্দের চেয়ে স্বস্তিই অবশ্য বেশি। আর সেজন্য ১৪৪ রানের এক চমৎকার ইনিংস খেলা সাকিব আল হাসান সবচেয়ে বেশি কৃতিত্বের দাবীদার। সাকিব নিজেও তার ইনিংসটি নিয়ে খুশি। পাশাপাশি তার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটিং-ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে বাংলাদেশ আবার আনন্দে উদ্বেল। আনন্দের চেয়ে স্বস্তিই অবশ্য বেশি। আর সেজন্য ১৪৪ রানের এক চমৎকার ইনিংস খেলা সাকিব আল হাসান সবচেয়ে বেশি কৃতিত্বের দাবীদার। সাকিব নিজেও তার ইনিংসটি নিয়ে খুশি। পাশাপাশি তার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে। রোববার দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সাকিব বলেন, “আমার মনে হয় না আমাদের ক্রিকেট পেছন দিকে চলে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর টেস্ট খেলি বলে মানিয়ে নিতে আমাদের একটু সময় লেগে যায়। তবে যখনই আমরা নিয়মিত টেস্ট খেলি, তখনই কিন্তু ভালো করি।” ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে চারটি টেস্ট খেলার পর আবার দীর্ঘ দিন টেস্ট খেলার সুযোগ পাবে না বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ফেরার পর আবারও ভুগতে হবে কিনা জানতে চাইলে সাকিব বলেন, “আমরা কিন্তু খুব একটা অবসর পাই না। আন্তর্জাতিক ক্রিকেটের চাপ এখন একটু কম। কিন্তু সামনেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তার পর খেলতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এর পর রয়েছে এশিয়া কাপের প্রস্তুতি।” “আমার মনে হয় না জাতীয় দলের ক্রিকেটাররা বড় দৈর্ঘ্যরে ক্রিকেটে খুব একটা বেশি খেলার সুযোগ পাবে। তাদের আসলে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। সংকল্প দৃঢ় হলে টেস্টে আরো ভালো করা সম্ভব,” যোগ করেন তিনি। সর্বশেষ আটটি টেস্ট ইনিংসের মাত্র তিনটিতে অর্ধশতকে পৌঁছাতে পারেন নি সাকিব। মিরপুরে তো খেললেন টেস্ট ক্যারিয়ার-সেরা ইনিংস। অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট না হলে ইনিংসটা আরো বড় হতেও পারতো। এ প্রসঙ্গে তিনি বলেন, “রান করতে পেরে ভালো লাগছে। আউট হলে সবারই খারাপ লাগে, আমারও লেগেছে।” “নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে ব্যাট করিনি। আমার পরিকল্পনা ছিল যতো বেশিক্ষণ সম্ভব ব্যাট করা। সারা দিন ব্যাট করতে পারলে দ্বিশতকও হয়ে যেতে পারতো,” যোগ করেন তিনি। এক সময় তার সম্পর্কে বলা হতো ব্যাটিং অলরাউন্ডার যিনি ব্যাটসম্যান হিসেবে খানিকটা এগিয়ে। এরপর বলা হতো বোলিং অলরাউন্ডার যিনি বোলার হিসেবে একটু বেশি দক্ষ। ‘এখন কি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছেন’ এমন প্রশ্ন করা হলে স্মিতমুখে সাকিব বলেন, “আসলে আমি একজন পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠছি!” গত বছর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন জীবনের প্রথম টেস্ট শতক। আর এবার কঠিন সময়ে এলো দ্বিতীয় শতক। কোনটাকে এগিয়ে রাখবেন জানতে চাইলে সাকিব বলেন, “এটাকেই এগিয়ে রাখবো। হ্যামিল্টনে প্রথম দিকে বেশ কিছুক্ষণ ব্যাটসম্যানদের সঙ্গ পেয়েছিলাম। এরপর বোলারদের সঙ্গে খেলতে হয়েছে। সেবার অনেক শটও খেলেছিলাম (১৫টি চার ও তিনটি ছক্কা)। কিন্তু এবারের পরিস্থিতি ছিলো সম্পূর্ণ ভিন্ন। এবার অনেক সময় নিয়ে ব্যাট করেছি। এই ইনিংসটি অনেক বেশি তৃপ্তিদায়ক।” সোমবার ম্যাচের তৃতীয় দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “প্রথম লক্ষ্য অবশ্যই পাকিস্তানকে যতো দ্রুত সম্ভব অলআউট করা। ঠিক জায়গায় বল করতে হবে। আউট করার সুযোগ এলে তা কাজে লাগাতেও হবে। সকালে উইকেট থেকে বেশ সহায়তা পাওয়া যায়। আমরা তা কাজে লাগাতে চাই।” তবে স্বাগতিকদের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারেন আজহার আলী। দ্বিতীয় দিন শেষে ২৬ রানে অপরাজিত এই ডানহাতি ব্যাটম্যান তাদের পরিকল্পনা সম্পর্কে বলেন, “আমরা কাল (সোমবার) ভালো ব্যাটিং করতে চাই। দ্বিতীয় উইকেট জুটি যতটা সম্ভব বড়ও করতে চাই।” “একটু ধীরগতির হলেও পিচ বেশ ভালো। কখনো-কখনো বল হয়তো ব্যাটে আসে না। সেই সঙ্গে একটু টার্নও করছে। কিন্তু একবার মানিয়ে নিলে এখানে ব্যাট করা বেশ সহজ,” যোগ করেন তিনি। ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে আজহার বলেন, “আমার সামনে এখন বড় ইনিংস খেলার সুযোগ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩০ঘ.