ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের তরুণ পেসারদের সাফল্যের পথে এগিয়ে নেয়ার লক্ষ্যে পরামর্শক হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।
ম্যাকগ্রা আরো জানিয়েছেন, অস্ট্রেলিয়া টেস্ট দলের বোলিং আক্রমণ মুগ্ধ করেছে তাকে।
স্বদেশের ‘দ্য সান হেরাল্ড’ পত্রিকাকে তিনি বলেন, “আমার মনে হয় তারা (বোলাররা) ঠিক পথেই এগোচ্ছে। তারা ঠিক জায়গায় বল ফেলছে এবং ব্যাটসম্যানদের চাপের মধ্যেও রাখছে। (নিউজিল্যান্ডের বিপক্ষে) হোবার্ট টেস্টে বেশ কয়েকটি ক্যাচ ছাড়ার মাশুল দিয়েছি আমরা। নইলে ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারতো। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে।”
“সবচেয়ে ইতিবাচক ব্যাপার হলো বোলাররা সুযোগ তৈরি করছেন। ওখানে (হোবার্টে) তাদের এর চেয়ে বেশি কিছু করারও ছিলো না। প্রথম ইনিংসে খাটো লেন্থের বল করার জন্য তাদের নিয়ে অনেক কথা হয়েছে। হয়তো তা অন্যায়ও নয়। কিন্তু সব কিছুই অভিজ্ঞতার সঙ্গে জড়িত। আমাদের মনে রাখতে হবে তারা অল্প কয়েকটি টেস্ট খেলেছে। নিজেদের গড়ে তুলতে তাদের কিছুটা সময় লাগবেই,” যোগ করেন সর্বকালের অন্যতম সেরা পেসার, অস্ট্রেলিয়ার কয়েক বছর আগের মহাপরাক্রমশালী দলটির গুরুত্বপূর্ণ সদস্য ম্যাকগ্রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৫৭ঘ.
bdnews24