ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও তার সাবলীল ব্যাটিং দলের বেশ কাজে লাগবে বলে মনে করছেন তিন রানের জন্য শতক বঞ্চিত হওয়া শাহরিয়ার নাফীস।
পঞ্চম উইকেটে বাংলাদেশের পক্ষে রেকর্ড ১৮০ রান তুলেন সাকিব ও নাফীস জুটি।
সংবাদ সম্মেলনে নাফীস বলেন, “আজকের (শনিবার) এই খেলাটা আমাদের জন্য খুব কাজে দেবে। দলের জন্যও এমন একটা জুটি খুব দরকার ছিল। বেশ কঠিন পরিস্থিতিতে আজ ব্যাট করতে হয়েছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা।”
“সাকিব যখন মাঠে নামে তখন আমরা খুব ভালো অবস্থানে ছিলাম না। ৪৩ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। তিনি দলের সেরা ব্যাটসম্যানদের একজন এবং বেশ আত্মবিশ্বাসী। ব্যাট করেন খুব ঠাণ্ডা মাথায়,” যোগ করেন নাফীস।
পুরো সিরিজে পাকিস্তানের বোলিংয়ের সঙ্গে পেরে উঠছিলো না বাংলাদেশ। সেখানে কঠিন পরিস্থিতিতে এতো বড় একটা জুটি। কী করে সম্ভব হল জানতে চাইলে নাফীস বলেন, “আমাদের জুটি যখন গড়ে উঠে তখন এ নিয়ে খুব বেশি কিছু চিন্তা করিনি। দুজন যে যার মতো খেলেছি। আর চেষ্টা করেছি সময়টা উপভোগ করার।”
৩৮ ওভার বল করেও কোনো উইকেট পাননি পাকিস্তানের স্পিনাররা। নাফীস বলেন, “সাকিব নামার পর খেলাটা পাল্টে যায়। আমরা ‘সিঙ্গেলসের’ ওপর খেলতে থাকি। সাকিব স্পিন খুব ভালো খেলে। দুজন দুভাবে স্পিন খেলি, তবে আমরা দুজন এ সময় কথা বলেই খেলেছি। ওই সময় খেলাটা মোটেও চাপ মনে হয়নি।”
পুরো সংবাদ সম্মেলনে শতক করে অপরাজিত সাকিবের উচ্ছ্বসিত প্রশংসা করেন নাফীস। তার নিজের ব্যাটিং সম্পর্কে তিনি বলেন, “যার সাঙ্গে দেখা হয় তিনিই বলেন, আমরা নাকি খুব তাড়াহুড়ো করি। এবার ঠিক করেছিলাম আর যাই করি তাড়াহুড়ো করবো না। দেখেশুনে খেলবো আর বাজেভাবে আউট হবো না।”
৯৭ রানে আউট হওয়ার পর মানসিক অবস্থা কী ছিল জানতে তিনি বলেন, “এত ধৈর্য্য ধরে খেলার পরও ৯৭ রানে আউট হওয়ায় খুব হতাশ লাগছিলো। কিন্তু পরে মনে হয়েছে আমি তো ১০ রানেও আউট হতে পারতাম। আসলে ওই বলটা ভালো ছিল।”
“এমন জায়গা ছিল, ছাড়তে পারিনি। জানতাম খাটো লেন্থের বল দেবে। চা-বিরতির পর থেকে ওরা আমাকে একটানা খাটো লেন্থের বল খেলিয়েছে। ব্যাটে খেলতে চেয়েছিলাম কিন্তু লাগেনি। ভালো বলে আউট হয়েছি বলে আফসোস একটু কম। বাজে বলে বা বাজে ভাবে আউট হলে আরো বেশি খারাপ লাগতো,” যোগ করেন তিনি।
৫ উইকেটে ২৩৪ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশের ব্যাটসম্যানদের কাজ এখনো শেষ হয়নি বলে মনে করেন তিনি। বলেন, “আমরা এখন একটু ভালো অবস্থায় আছি। সাকিব ও মুশফিকের মতো দুজন ভালো ব্যাটসম্যান রয়েছেন। তাদের কাছ থেকে দল বড় জুটি আশা করে। আশা করছি আমরা একটা বড় স্কোর গড়তে পারবো।”
আসলে এখনো অনেক দূর যেতে হবে আমাদের। কাল অন্তত দুই সেশন আমাদের ভালো ব্যাট করতে হবে। বোলারদের ১০ উইকেট নেয়ার মতো একটা পুঁজি আমাদের দিতে হবে। তাহলে চাপমুক্ত হয়েই তারা বল করতে পারবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০০৩ ঘ.
bdnews24