২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসিতে বাংলাদেশকে সমর্থন দেবে পাকিস্তান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহ-সভাপতি পদে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে বাংলাদেশ থেকেই আইসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথ প্রশস্ত হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহ-সভাপতি পদে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এর ফলে বাংলাদেশ থেকেই আইসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথ প্রশস্ত হলো। বাংলাদেশ সফররত পিসিবি সভাপতি জাকা আশরাফ শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, “গত অক্টোবরেই আমরা আইসিসির সহ-সভাপতি পদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান আ হ ম মুস্তফা কামালকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি জুনে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার (আইসিসি) সহ-সভাপতি হিসেবে তিনি দায়িত্ব নেবেন।” “পরে আইসিসির সভাপতি হিসেবেও বাংলাদেশ দায়িত্ব পালন করবে বলে আমরা আশা করছি,” যোগ করেন তিনি। আইসিসির সহ-সভাপতি পদে প্রতি দুই বছর পর পর নির্বাচন হয়। এতে পর্যায়ক্রমিক পদ্ধতি অনুযায়ী দুটি ক্রিকেট বোর্ড প্রার্থীতা করার সুযোগ পায়। আগামী জুনে বাংলাদেশ ও পাকিস্তানের এ নির্বাচনে অংশ নেয়ার কথা। তবে প্রার্থীতা ঘোষণা করতে হবে চলতি মাসেই। পাকিস্তান প্রার্থী না দিলে বাংলাদেশের প্রার্থীই আইসিসির সহ-সভাপতি নির্বাচিত হবে। তিনি ২০১২ সালের জুনে আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ওই দায়িত্ব নেবেন। নিয়ম অনুযায়ী, দুই বছর পর তিনিই আইসিসি সভাপতির দায়িত্ব নেবেন। পিসিবি সভাপতি সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতিকে সমর্থনের কথা বললেও বাংলাদেশ এখনো প্রার্থীর নাম চূড়ান্ত করেনি। এ বিষয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি আহম মুস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তারপর নাম পাঠানো হবে সরকারের (মন্ত্রণালয়) কাছে। সরকারের অনুমতি পাওয়া গেলে সেই নাম পাঠানো হবে আইসিসিতে।” পকিস্তান সফর আইসিসির সফরসূচি অনুযায়ী, ২০১২ সালের এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরের কথা রয়েছে। কিন্তু ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সশস্ত্র হামলার পর থেকে কোনো আন্তর্জাতিক ক্রিকেট দল পাকিস্তান সফর করছে না। এই পরিস্থিতিতে বাংলাদেশের সফরের মধ্য দিয়ে দিয়ে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় পিসিবি। তবে তার আগে জানুয়ারিতে বাংলাদেশের একটি নিরাপত্তা দল পাকিস্তান সফর করবে বলে সংবাদ সম্মেলনে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, “আগামী মাসে একটি পর্যবেক্ষক দল পাকিস্তান সফর করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সফরের ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” পর্যবেক্ষক দলে বিসিবি পরিচালক ও নিরাপত্তা কর্মকর্তা থাকবে বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে দুই দেশের কর্মকর্তারা জানান, ক্রিকেটকে এগিয়ে নিতে দুই বোর্ডের বন্ধন আরো মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে। এর অংশ হিসেবে দুই দেশের ‘এ’ দল ও যুব দল সফর দুই দেশ সফর করবে। একই ধরনের উদ্যোগ নেওয়া হবে মহিলা ক্রিকেট দলের ক্ষেত্রেও। বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তান ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নেয়ার সুযোগও উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন আশরাফ। অন্যদের মধ্যে পিসিবির প্রধান পরিচালনা কর্মকর্তা সোবহান আহমেদ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/এএনএম/জেকে/১৮০২ ঘ.