ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সফরে এখনো পর্যন্ত স্বাগতিকদের কাছ থেকে তেমন প্রতিরোধের সামনে পড়েনি পাকিস্তান। তবু শেষ ম্যাচের আগে সতর্ক পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা বাংলাদেশে এসেছি ভালো খেলার লক্ষ্য নিয়ে। আমরা প্রতিদিনই একটু-একটু করে উন্নতি করছি। এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
“ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই আমরা আরও উন্নতি করতে চাই। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে এটাই আমাদের প্রধান লক্ষ্য,” যোগ করেন তিনি।
শের-ই-বাংলা স্টেডিয়ামে এর আগে টেস্ট খেলেনি পাকিস্তান। তবে তা নিয়ে উদ্বিগ্ন নন মিসবাহ। তিনি বলেন, “উইকেট বা মাঠ নিয়ে আমরা একদমই ভাবছি না। এবারের সফরে এখানে একটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলেছি। এখানকার উইকেট আমাদের কাছে ভালো বলেই মনে হয়েছে।”
বাংলাদেশ এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক। মিসবাহ বলেন, “বাংলাদেশের ব্যাটিং ভালো হচ্ছে না। তবে আমরা তাদের একদমই হালকাভাবে নিচ্ছি না।”
“পেশাদার ক্রিকেটার হিসেবে আমরা নিজেদের সেরা খেলাটাই খেলতে চাই। প্রতিপক্ষ কে তা নিয়ে ভাবতে চাই না। অস্ট্রেলিয়ার মতো কাল (শনিবার) বাংলাদেশের বিপক্ষেও একই মানসিকতা নিয়ে মাঠে নামবো আমরা,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪৭ঘ.
bdnews24