সাকিব-নাফীসের ব্যাটিংয়ে ভালো অবস্থানে বাংলাদেশ
সাকিব আল হাসানের দ্বিতীয় শতক ও শাহরিয়ার নাফীসের সপ্তম অর্ধশতকের সুবাদে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৩৪ রান।
ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাকিব আল হাসানের দ্বিতীয় শতক ও শাহরিয়ার নাফীসের সপ্তম অর্ধশতকের সুবাদে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৩৪ রান।
সাকিব ১০৮ ও অধিনায়ক মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত আছেন। সাকিব তার ১৬৮ বলের ইনিংসটি সাজান ১৪টি চার দিয়ে। নাফীস আউট হন ৯৭ রানে।
মাত্র ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া বাংলাদেশকে টেনে তুলে ধীরে ধীরে ভালো অবস্থানের দিকে নিয়ে যেতে থাকেন নাফীস ও সাকিব। পঞ্চম উইকেট জুটিতে তারা দলের সঙ্গে যোগ করেন মূল্যবান ১৮০ রান। এক সময় মনে হচ্ছিলো এই জুটি অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করবে। কিন্তু দুর্ভাগ্য নাফিসের। মাত্র তিন রানের জন্য নিজের দ্বিতীয় শতক বঞ্চিত হন তিনি। খেলা শেষ হওয়ার পনের মিনিট আগে উমর গুলের বল নাফীসের গ্ল¬াভসে লেগে উইকেটরক্ষক আদনান আকমলের হাতে জমা পাড়লে বিদায় নেন নাফীস। ১৭৭ বলে ১২টি চারের সাহায্যে ৯৭ রান করেন তিনি।
টেস্টে পঞ্চম উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে মুশফিকুর রহিম ও মেহরাব হোসেন জুনিয়র জুটি ১৪৪ রান করে। আর পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেটে নাজিমউদ্দিন ও সাকিব করেন ৭৮ রান।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে যে কোনো উইকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০০৩ সালে পেশোয়ারে দ্বিতীয় উইকেটে হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিম ১৬৭ রান করেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। ঘন কুয়াশার জন্য খেলা শুরু হয় এক ঘন্টা পনের মিনিট পর। দ্বিতীয় ওভারের শেষ বলে আম্পায়ার এসকে তারাপোরের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন নাজিমউদ্দিন (০)। আইজাজ চিমার বলে এলবিডব্লিউ হয়ে নাসির যখন সাঝঘরের পথ ধরেন তখন বাংলাদেশের স্কোর বোর্ডে কোনো রান জমা হয়নি।
এর পর তামিম ইকবাল (১৪) ও মাহমুদুল্ল¬াহ রিয়াদও (০) দ্রুত বিদায় নিলে ২১ রান তুলতেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। চতুর্থ উইকেটে নাফীস ও নাসির প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আবারো আঘাত হানেন চিমা। তার অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা মেরে নাসির (৭) বিদায় নিলে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। এই জুটি দলের সঙ্গে যোগ করে ২২ রান।
নাফীস ও সাকিব ধৈর্য্যরে সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে ওই বিপদ থেকে দলকে টেনে তোলেন।
পাকিস্তানের পক্ষে চিমা ৩ উইকেট নেন ৫২ রানে।
অভিষেকের ঠিক সাত বছর পর দেশের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন বাংলাদেশের বোলার নাজমুল হোসেন। এর আগে ৫ বছর ১২৭ দিনের ব্যবধানে দুটি টেস্ট খেলেন মোহাম্মদ শরীফ।
চট্টগ্রাম টেস্ট হেরে ১-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/ ১৬৪৮ ঘ.
