২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটসম্যানদের প্রতি স্টুয়ার্ট ল’র পরামর্শ

বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল দলের ব্যাটসম্যানদের আরো মনযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। তার ধারণা, উইকেটে বেশি সময় কাটাতে পারলে বাংলাদেশের ব্যাটসম্যানরা কঠিন সময়ও কাটিয়ে উঠতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল দলের ব্যাটসম্যানদের আরো মনযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। তার ধারণা, উইকেটে বেশি সময় কাটাতে পারলে বাংলাদেশের ব্যাটসম্যানরা কঠিন সময়ও কাটিয়ে উঠতে পারবেন। শনিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার অনুশীলন শেষে সাংবাদিকদের ল বলেন, “ব্যাটসম্যানরা এখন কঠিন সময় পার করছে। তাদের ‘বেসিক’ ঠিক করার ব্যাপারে মনযোগী হতে হবে। এটা করতে পারলে আর উইকেটে বেশি সময় কাটাতে পারলে রান আসবেই।” প্রথম টেস্টে ইনিংস ও ১৮৪ রানে হারের পর দলে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আসছে কি না জানতে চাইলে ল বলেন, “কাদের নিয়ে দল সাজানো হবে তা এখনো ঠিক হয়নি। অধিনায়ক, নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই দল গড়া হবে।” প্রথম টেস্টে ব্যর্থ মোহাম্মদ আশরাফুলকে বাদ দেয়া হয়নি বলে জানান বাংলাদেশের কোচ। তিনি বলেন, “আশরাফুল দলে আছেন, অনুশীলনও করছেন। এখনো ব্যাটিং লাইন আপ ঠিক করা হয়নি।” পাকিস্তানের বোলিংয়ের প্রশংসা করে ল বলেন, “পাকিস্তানের বোলিং আক্রমণ দারুণ শক্তিশালী। নতুন বলে যেমন সুইং করাতে পারে, তেমনি পুরনো বলেও ওরা রিভার্স সুইং করাতে সক্ষম।” দ্বিতীয় টেস্টে কেমন উইকেট চানতে চাইলে তিনি বলেন, “এ নিয়ে ভাবছি না। চট্টগ্রামে তো ব্যাটিং উইকেট পেয়েছিলাম। কিন্তু সেখানে ব্যাটসম্যানরা রান পাননি।” বাংলাদেশের খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটের বড় দৈর্ঘ্যরে ম্যাচে আরো বেশি করে খেলারও পরামর্শ দিয়েছেন ল। তিনি বলেন, “ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচ থেকেই টেস্ট ক্রিকেটার বের হয়ে আসে। বাংলাদেশ খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না। সে তুলনায় ওয়ানডে বেশি খেলে।” “এদেশের ক্রিকেটারদের আরো বেশি চার দিনের ম্যাচ খেলা প্রয়োজন। ঘরোয়া ক্রিকেটে তাদের আরো বেশি সময় দিতে হবে। প্রয়োজনে আইসিসির সহযোগী সদস্যগুলোর সঙ্গে চারদিনের ম্যাচ খেলা যেতে পারে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৬ঘ.