ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের দলবদলের দ্বিতীয় ও শেষ দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও মোহামেডান দল গড়েছে। এছাড়া আরো ৭টি দলও ঘর গুছিয়ে নিয়েছে।
পুলে থাকা জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্ল¬াহ রিয়াদকে ধরে রেখেছে আবাহনী। তাদের পুলের অন্য খেলোয়াড় ইলিয়াস সানি। দল ছেড়েছেন ইমরুল কায়েস ও মাশরাফি বিন মর্তুজা।
তবে ফরহাদ রেজা, সাকলায়েন সজীব ও ডলার মাহমুদকে নিয়ে শক্তিশালী দলই গড়েছে আবাহনী। আব্দুল রাজ্জাক, মিঠুন মানহাস, রজত ভাটিয়াসহ গত বছর খেলে যাওয়া বিদেশী ক্রিকেটাররা এবারও সময়-সুযোগ মতো খেলবেন বলে জানিয়েছে দলটির একটি সূত্র।
শেষ দল হিসেবে দল গড়ার কাজ শেষ করেছে মোহামেডান। তিন বছর পর ইমরুল কায়েসকে ফিরিয়ে এনেছে তারা। মোহামেডানের পুলের অন্য ক্রিকেটার অলরাউন্ডার নাঈম ইসলাম। সেই সঙ্গে রাজিন সালেহ, সৈয়দ রাসেল, ইমতিয়াজ আহমেদ তান্না, গোলাম মাবুদ, সাজিদ আল হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা তো আছেনই।
তবে কোন্, কোন্ বিদেশী ক্রিকেটারকে আনা হবে তা স্পষ্ট করে জানায়নি মোহামেডান। শুধু জানিয়েছে, ‘সম্ভাব্য সেরা’দের আনতে চায় তারা।
জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সোহরাওয়ার্দী শুভ, তাপস বৈশ্য ও মেহরাব হোসেন জুনিয়রকে নিয়ে দল গড়েছে প্রথমবারের মতো ঢাকার ক্রিকেটের শীর্ষ পর্যায়ে খেলতে যাওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শরীফ ও এনামুল হক জুনিয়রকে দলে নেয়া ওল্ড ডিওএইচএস পাকিস্তানের দুই ক্রিকেটার নাসির জামশেদ ও রিজওয়ান হায়দারকেও নিয়ে আসছে।
শক্তিশালী দল গড়েছে গাজী ট্যাঙ্কও। অলক কাপালী, নাসির হোসেন, রনি তালুকদার, মুমিনুল হক, আসিফ আহমেদ, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ মিথুন ও সানজামুলকে নিয়ে এসেছে তারা।
শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন, খালেদ মাসুদ পাইলট ও নাদিফ চৌধুরীর দল প্রাইম দোলেশ্বর পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে নিয়ে আসাও নিশ্চিত করেছে।
কলাবাগান দল সাজিয়েছে শাহাদাত হোসেন রাজীব, নাজমুস সাদাত, নাসিরুদ্দিন ফারুক, উত্তম সরকার, তালহা জুবায়ের ও সোহাগ গাজীকে নিয়ে।
সূর্যতরুণ এখনো পুলের কোনো খেলোয়াড়কে নিশ্চিত করেনি। গাজী সালাউদ্দিন, সঞ্চয় ইসলাম, সানাউল্ল¬াহ সবুজদের নিয়ে দল গড়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৬ঘ.
bdnews24