ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। পিসিবির প্রধান ‘অপারেটিং’ কর্মকর্তা সোবহান আহমেদও তার সফর সঙ্গী হবেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা দেখার কথা রয়েছে তাদের। ১৭ ডিসেম্বর খেলাটি শুরু হবে।
এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামালসহ বিসিবির পরিচালকদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
ওই বৈঠকে আইসিসির সহ-সভাপতি নির্বাচন ও এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরের ব্যাপারে আলোচনা হতে পারে।
আগামী জুনে আইসিসির সহ-সভাপতি পদের নির্বাচন হবে। এজন্য ডিসেম্বরেই প্রার্থীতা চূড়ান্ত করতে হবে। পর্যায়ক্রমিক পদ্ধতি অনুযায়ী এবার বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা করার কথা।
আইসিসির ভবিষ্যত সফরসূচি পরিকল্পনা অনুযায়ী ২০১২ সালের এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরের কথা রয়েছে। তবে ২০০৯ সালের মার্চে করাচীতে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।
জাকা আশরাফ দায়িত্ব নেয়ার পর বলেছিলেন, প্রতিটি বোর্ডের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চান তিনি। সেই সঙ্গে পাকিস্তানে ফিরিয়ে নিতে চান আন্তর্জাতিক ক্রিকেট।
সফর শেষে ১৮ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে পিসিবি সভাপতির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৪১ ঘ.
bdnews24