২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির চোখে অস্ট্রেলিয়া জয়ের স্বপ্ন

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার দৃঢ় বিশ্বাস, নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে ভারতের পক্ষে এই স্বপ্ন পূরণ ভালোভাবেই সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 12:43 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার দৃঢ় বিশ্বাস, নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে ভারতের পক্ষে এই স্বপ্ন পূরণ ভালোভাবেই সম্ভব। চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় রওনা দিয়েছে ভারত। টেস্ট সিরিজ শেষে একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টেও অংশ নেবে ধোনির দল। এই টুর্নামেন্টের তৃতীয় দল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেয়ার আগে চেন্নাইয়ে ধোনি বলেন, “আমাদের দলটা বেশ ভালো অবস্থায় আছে এবং আমরা অস্ট্রেলিয়াকে হারাতেও সক্ষম।” “আমি আমাদের দলের শক্তিমত্তা আর দুর্বলতার কথা মাথায় রেখেই ইতিবাচক ফলাফলের আশা করছি। কোন্, কোন্ ক্ষেত্রে কাজ করতে হবে তা নিয়েই আমরা বেশি উদ্বিগ্ন। কার বিপক্ষে খেলবো তা নিয়ে তেমন উদ্বিগ্ন নই,” যোগ করেন তিনি। গত জুলাই-অগাস্টে ইংল্যান্ডে সর্বশেষ সফরে চার ম্যাচের টেস্ট সিরিজের সবগুলোতেই হেরে যায় ভারত। ওই ব্যর্থতার মাশুল দিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও হারায় তারা। তবে ওই সিরিজে ভারতের বেশ কয়েকজন তারকা খেলোয়াড় চোটগ্রস্ত ছিলেন। ধোনি আশা করছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারবেন তারা। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া একটি প্র্যাকটিস ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের প্রায় তিন মাসের অস্ট্রেলিয়া সফর। ক্যানবেরায় দুদিনের ম্যাচটিতে ধোনির দলের প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া সভাপতি একাদশ। একই প্রতিপক্ষের সঙ্গে একই মাঠে ১৯ ডিসেম্বর থেকে তিন দিনের আরেকটি প্র্যাকটিস ম্যাচ খেলবে ভারত। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হবে প্রথম টেস্ট। অন্য টেস্ট তিনটির ভেন্যু সিডনি, পার্থ ও অ্যাডিলেড। এরপর দুইটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ৫ ফেব্র“য়ারি থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৪১ঘ.