২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে নেই রুবেল, নাঈম প্রায় সুস্থ

কাঁধের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ১৭ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশের পেসার রুবেল হোসেন। তবে প্রথম টেস্টের আগে জ্বরে পড়া অলরাউন্ডার নাঈম ইসলাম এখন অনেকটাই সুস্থ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাঁধের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ১৭ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশের পেসার রুবেল হোসেন। তবে প্রথম টেস্টের আগে জ্বরে পড়া অলরাউন্ডার নাঈম ইসলাম এখন অনেকটাই সুস্থ। চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে চোট পান রুবেল। এরপর আর বল করতে পারেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও নামতে পারেননি। মঙ্গলবার ঢাকায় রুবেলের এমআরআই করানো হয়। তার রিপোর্ট দেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী ভীষণ হতাশ। দ্বিতীয় টেস্টে রুবেল খেলতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “রুবেলের ডান কাঁধের অবস্থা ভালো নয়। চোটটা বেশ খারাপ ধরণের।” “বর্তমান অবস্থায় রুবেলের দ্বিতীয় টেস্টে খেলা সম্ভব নয় বলেই মনে হচ্ছে। এমআরআই রিপোর্ট এখনও পর্যালোচনা করা হয়নি। রিপোর্টটি পর্যালোচনা করার পরই তিনি কবে মাঠে ফিরতে পারবেন তা নিশ্চিত করে বলতে পারবো আমরা। তবে কিছুটা সময় তো লাগবেই,” যোগ করেন তিনি। চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার আগের রাতে জ্বরে পড়ে ঢাকায় ফেরেন নাঈম। তবে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন ডা. দেবাশীষ। তিনি বলেন, “নাঈম এখন অনেকটাই সুস্থ। তবে জ্বরের জন্য শরীর একটু দুর্বল। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে মনে হচ্ছে।” অসুস্থতা সম্পর্কে নাঈম বলেন, “আশা করি দ্বিতীয় টেস্টে খেলতে পারবো। জ্বর এখন আগের চেয়ে অনেকটাই কম। এখনো কিছুটা দুর্বলতা থাকলেও আশা করি আগামী দুদিনের মধ্যে তা কেটে যাবে।” সোমবার চতুর্থ দিনেই প্রথম টেস্ট শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবারও বাংলাদেশ ও পাকিস্তান দল চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেনি। দুদলেরই বুধবার ঢাকায় ফেরার কথা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বারের মতো টেস্ট খেলতে যাচ্ছে পাকিস্তান। মিরপুরে বাংলাদেশ এ পর্যন্ত ৭টি টেস্ট খেলেছে। এই ৭টির মধ্যে ৬টিতেই হেরেছে তারা। অন্যটি ড্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৫ঘ.