ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠের ভেতরে সময়টা ভালো যাচ্ছে না হরভজন সিংয়ের। টেস্ট ও ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটেও সুবিধা করে উঠতে পারছেন না ভারতের এই অফস্পিনার। মাঠের বাইরেও তিনি স্বস্তিতে নেই। বেশ কিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে তার।
সোমবার নিজের শহর পাঞ্জাবের জলন্ধর থেকে নয়াদিল্লিতে ফিরছিলেন হরভজন। পথে হরিয়ানার কারনাল শহরের একটি জনপ্রিয় ক্যাফেতে থামেন তিনি। সন্ধ্যা ছয়টার দিকে সেখানেই ঘটে বিপত্তি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হরভজনের গাড়ির জানালা ভেঙ্গে ল্যাপটপ, পাসপোর্ট, ক্রেডিট কার্ড ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে চোর।
দুঃসংবাদটা পাওয়ার সঙ্গে-সঙ্গে পুলিশকে খবর দেন হরভজন। পুলিশ জানিয়েছে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৮ঘ.
bdnews24