ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের দ্বিগুণের বেশি রান করেও চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ১৮৪ রানে হেরেছে বাংলাদেশ। এনিয়ে ৩৫ বার টেস্টে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ।
এ জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। চলতি বছর নয় টেস্টে এটি পাকিস্তানের পঞ্চম জয়।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের চতুর্থ দিন সোমবার ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৭৫ রান করে বাংলাদেশ।
সতর্কতার সঙ্গে দিনের খেলা শুরু করেন অপরাজিত দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও নাজিমউদ্দিন। অর্ধশতকে পৌঁছেই সাকিব (৫১) বিদায় নিলে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
পঞ্চম উইকেটে নাজিম ও সাকিব যোগ করেন ৭৮ রান। ষষ্ঠ উইকেটে নাজিম ও অধিনায়ক মুশফিকুর রহিম যোগ করেন আরো ৪৭ রান। আব্দুর রেহমানের বল তুলে মারতে গিয়ে সাঈদ আজমলের হাতে নাজিম (৭৮) ক্যাচ দিলে বড় একটা ধাক্কা খায় বাংলাদেশ। এটি নাজিমের প্রথম অর্ধশতক। তার ১৮৬ বলের ইনিংসে ৯টি চার ও দুটি বিশাল ছক্কা।
আজমলের দুসরা বোঝতে না পেরে মাহমুদুল্লাহ রিয়াদ (০) বোল্ড হয়ে গেলে বাংলাদেশের বড় পরাজয় নিশ্চিত হয়ে যায়।
অষ্টম উইকেটে মুশফিক ও ইলিয়াস সানি যোগ করেন আরো ৪২ রান। অর্ধশতক থেকে কেবল ১ রান দুরে থেকে রেহমানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন মুশফিক (৪৯)। দলের রান তখন ২৫২।
নবম উইকেটে সানি ও শাহাদত হোসেন ২৩ রান যোগ করে পরাজয়ের ব্যবধান। শাহাদাত ২১ রান করে আউট হয়ে গেলেও ২০ রানে অপরাজিত থাকেন সানি।
কাঁধে চোট পাওয়ায় ব্যাট করেননি রুবেল হোসেন।
পাকিস্তানের পক্ষে রেহমান ৪ উইকেট নেন ৮৮ রানে।
এর আগে ৫ উইকেটে ৫৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ১৩৫ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩১২ ঘ.
bdnews24