ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন রোববার ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না তিনি।
শাহদাত হোসেনের বলে নেয়া ইউনুস খানের শট ঝাঁপিয়ে পড়ে আটকাতে গিয়ে আঘাত পান রুবেল। শট থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন তিনি।
পরে তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়। দিনের বাকি সময়ে তার জায়গায় সোহরাওয়ার্দী শুভ ফিল্ডিং করেন। সন্ধ্যার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এমআরআই স্ক্যান করানোর জন্য সোমবার সকালেই রুবেলকে ঢাকায় পাঠানো হবে। তার আগ পর্যন্ত রুবেলের হাতের পরিস্থিতি বোঝা সম্ভব নয়।
চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করতে পারবেন না বলেও বিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে রুবেল হোসেন বলেন, “হাতে প্রচন্ড ব্যাথা। হাত নাড়াতে পারছি না। এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে গেলে আরও সমস্যা হতে পারে। বিসিবি থেকে জানানো হয়েছে কাল ঢাকা যেতে হবে। তবে কোন ফ্লাইটে ঢাকা যাব সেটা জানি না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৫৫ ঘ.
bdnews24