ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্যায়ের প্রথম পর্বের খেলার প্রথম দিনে রাজত্ব করেছেন বোলাররা। রোববার দুইটি ম্যাচে উইকেট পড়েছে মোট ২৮টি।
খুলনা-রাজশাহী
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। ব্যাট করতে নেমে খুলনার বোলারদের বোলিং তোপে পড়ে ১৪৯ রানেই শেষ হয় বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর প্রথম ইনিংস।
দলের সাতজন ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কের ঘরে। কিন্তু ত্রিশের কোঠায় পৌঁছাতে পারেননি একজনও। জুনায়েদ সিদ্দিকের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৭ রান। এছাড়া যুবায়ের আহমেদ ২১ ও জহুরুল ইসলাম ২০ রান করেন।
খুলনার পক্ষে মুরাদ খান ৪ উইকেট নেন ৩৭ রানে। এছাড়া ডলার মাহমুদ ও আলআমিন হোসেন ৩টি করে উইকেট নেন।
স্বস্তিতে নেই খুলনার ব্যাটসম্যানরাও। দিন শেষে প্রথম ইনিংসে ৯৮ রান তুললেও হারিয়েছে ৫ উইকেট । রাজশাহীর চেয়ে এখনো ৫১ রানে পিছিয়ে আছে তারা।
অধিনায়ক তুষার ইমরান ৩১ ও জুবায়দুর জিকু ২ রানে ব্যাট করছেন। এছাড়া আনামুল হক ২৫ রান করেন।
রাজশাহীর পক্ষে সাকলায়েন সজীব ৩ উইকেট নেন ৯ রানে।
ঢাকা মেট্রো-সিলেট
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট। ব্যাট করতে নেমে আবু জাহেদের তোপের মুখে মার্শাল আইয়ুবের অর্ধশতকের পরেও প্রথম ইনিংসে ১২৯ রানে অলআউট হয় ঢাকা মেট্রো।
জাহেদ মাত্র ২৫ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়ে গুড়িয়ে দেন মেট্রোর ব্যাটিং লাইনআপ।
প্রথমে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৫৭ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলে ঢাকা মেট্রো। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আইয়ুব ও ফোরকান। সপ্তম উইকেটে তারা দলের সঙ্গে গুরুত্বপূর্ণ ৪৮ রান যোগ করেন। দলীয় ১০৫ রানে বিদায় নেয়ার আগে ফোরকান করেন ২২ রান।
দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে আইয়ুব করেন ৫৮ রান। তিনি তার ১২৩ বলের ইনিংস সাজান ৭টি চার দিয়ে।
জাহেদ ছাড়াও সিলেটের পক্ষে এনামুল হক জুনিয়র ২ উইকেট নেন ৩৬ রানে।
জবাবে দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৩ রান করেছে সিলেট। ৭ উইকেট হাতে নিয়ে এখনো ৭৬ রানে পিছিয়ে আছে তারা। রাজিন সালেহ ৪ ও অধিনায়ক অলক কাপালী ১০ রানে ব্যাট করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৩৯ ঘ.
bdnews24