ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম টেস্টে পাকিস্তানকে আরেকবার ব্যাটিং করাতে আরো অন্তত ৩২৫ রান প্রয়োজন বাংলাদেশের। রোববার তৃতীয় শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৩৪ রান করেছে স্বাগতিকরা।
সাকিব আল হাসান ৪১ ও নাজিমউদ্দিন ৪১ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে এ পর্যন্ত ৫৪ রান যোগ করেছেন তারা।
৪৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। নেমেই সফরকারী বোলারদের পাল্টা আক্রমণ করে দ্রুত গতিতে রান তুলতে থাকেন সাকিব। এতে অনেকটাই চাপ মুক্ত থেকে খেলার সুযোগ হয় তার। তার ৪৪ বলের ইনিংসে ৭টি চার।
অন্য প্রান্তে নাজিম ছিলেন ধৈর্য্যরে প্রতিমূর্তি। অন্য প্রান্তে চারজন ব্যাটসম্যান ফিরে গেলেও দেখেশুনে খেলছেন তিনি। তার ১০৯ বলের ইনিংসে ৫টি চার।
এর আগে দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ হাফিজের বল ছেড়ে দিয়ে বোল্ড হন তামিম ইকবাল (১৫)। তৃতীয় ওয়ানডেতে তার বলে এই মাঠে ঠিক এভাবেই আউট হয়েছিলেন তিনি।
দ্বিতীয় উইকেটে শাহরিয়ার নাফীসের সঙ্গে ৫০ রান যোগ করেন নাজিম। দলীয় ৭৪ রানে সাঈদ আজমলের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। এক রান পরেই বিদায় নেন মোহাম্মদ আশরাফুল। দলে ফেরাটা ম্যাচটা ভুলেই যেতে চাইবেন তিনি। প্রথম ইনিংস ১ রান করতে পারলেও দ্বিতীয় ইনিংসে ফেরেন শূন্য হাতে।
প্রথম ইনিংসে ৮ নম্বরে ব্যাট করে সর্বোচ্চ ৪১ রান করা নাসিরকে দ্বিতীয় ইনিংসে খেলানো হয় পাঁচে। তবে, এবার ব্যর্থ তিনি। দলীয় ৮০ রানের মাথায় সাজঘরের পথ ধরেন তিনি। ১৯ বল খেলে ৩ রান করেন তিনি।
১ উইকেটে ৭৪ থেকে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮০ রান।
এর আগে ইউনুস খানের অপরাজিত দ্বিশতক ও আসাদ শফিকের প্রথম শতকের সুবাদে ৫ উইকেটে ৫৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। এতে ৪৫৯ রানের লিড পায় তারা। বাংরাদেশের বিপক্ষে টেস্টে এটি পাকিস্তানের সর্বোচ্চ রান। এর আগে ২০০১ সালে মুলতানে ৫৪৬/৩ (ডি.) রান করে তারা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ৪১৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারীরা। রোববার কেবল শফিককে হারিয়ে আরো ১৭৯ রান যোগ করে তারা।
পঞ্চম উইকেটে ইউনুস ও শফিক ২৫৯ রান যোগ করে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন। দলীয় ৫৭০ রানে শফিককে (১০৪) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের দিনের একমাত্র সাফল্য এনে দেন ইলিয়াস সানি। তার ২৩৫ বলের ইনিংসে ৯টি চার ও দুটি বিশাল ছক্কা।
ইউনুস খান তার তৃতীয় দ্বিশতকে পৌঁছার পরপরই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ঠিক ২০০ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে দিনের শুরুতে নিজের ১৯তম শতক আদায় করে নেন তিনি।
ইউনুসের ২৯০ বলের ইনিংসে ১৮টি চার ও তিনটি বিশাল ছক্কা।
বাংলাদেশের পক্ষে সানি ৩ উইকেট নেন ১২৩ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭০৪ ঘ.
bdnews24