২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় শুরুতেই চাপের মুখে বাংলাদেশ

চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সবকটি উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ৩ রানে পিছিয়ে আছে পাকিস্তান। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান করেছে ১৩২ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৩৫ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 03:27 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সবকটি উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ৩ রানে পিছিয়ে আছে পাকিস্তান। দিন শেষে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান করেছে ১৩২ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৩৫ রানে। মোহাম্মদ হাফিজ ৭৪ ও তৌফিক উমর ৫৩ রানে ব্যাট করছেন। পাকিস্তানের পক্ষে রেকর্ড ১১ টেস্টে উদ্বোধনী জুটি হিসেবে খেলছেন তারা। এর আগে সাঈদ আনোয়ার-আমির সোহেল ও মুদাসসর নজর-রমিজ রাজা দশটি করে টেস্টে উদ্বোধনী জুটি হিসেবে খেলেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে দুই সেশনের মধ্যেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিয়ংস। ব্যর্থতার বৃত্ত ভেঙ্গে বেরোতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। সে অর্থে কোনো জুটি গড়ে উঠেনি, উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। মোটে তিনজন ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কের ঘরে। প্রথম ছয় জনের মধ্যে কেবল নাজিমউদ্দিন (৩১) পৌঁছান দুই অঙ্কের ঘরে। ওয়ানডের বাজে ‘ফর্ম’ টেস্টও বয়ে এনেছেন তামিম ইকবাল। হাফিজের বলে ছয় মেরে পুরনো রূপে ফেরার আভাস দিয়েও সাজঘরে ফিরেছেন মোটে ৯ রান করে। আইজাজ চিমার বলে উইকেটরক্ষক আদনান আকমলের হাতে সহজ ক্যাচ দিয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে আবারো ব্যর্থ হয়েছেন শাহরিয়ার নাফীস। পাঁচ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। চিমার বলে স্লিপে ইউনুস খানের হাতে সহজ ক্যাচ দেন তিনি। এক সিরিজ পরে দলে ফেরাটা মোটেও স্মরণীয় করে রাখতে পারেননি মোহাম্মদ আশরাফুল। অন্তত প্রথম ইনিংসে নয়। চার নম্বরে ব্যাট করতে নেমে ১১ বল খেলে মাত্র ১ রান করে উমর গুলের বলে আকমলের হাতে আরো একটি সহজ ক্যাচ দেন তিনি। প্রথম ঘন্টায় ২০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। দুই অঙ্কে পৌঁছতে পারেননি বর্তমান ও সাবেক দুই অধিনায়কও। মুশফিকের ব্যাট থেকে ৪ রান। ১২ বলের ইনিংসে একটি চার মারা ছাড়া আর কিছু করতে পারেন নি তিনি। আর সাকিবের ব্যাট থেকে আসে ৮ রান। মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৫২ রান। বাংলাদেশের পক্ষে ৬৩ তম ক্রিকেটার হিসেবে টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৭৯ বলে ৩১ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলেন নাজিম। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলে দলীয় ৭১ রানে গুলের দ্বিতীয় শিকারে পরিণত হন। দশ রান পরেই তাকে অনুসরণ করেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (১৮)। দলের রান তখন ৮১। সেখান থেকে দলকে ১৩৫ পর্যন্ত নিয়ে যান নাসির হোসেন। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৪১ রানের ঝকঝকে ইনিংস। তার ৬৮ বলের ইনিংসে ৭টি চার ও দুটি বিশাল ছক্কা। পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নেন আব্দুর রেহমান ও সাঈদ আজমল। এ জন্য রেহমান দেন ৯ রান। আজমল ৪০। তিন উইকেটের সুবাদে চলতি বছরে সর্বোচ্চ টেস্ট শিকারী বোলারদের তালিকার শীর্ষে নিজের অবস্থান আরো পাকা করলেন আজমল। ৪১ উইকেট নেয়া ইশান্ত শর্মাকে পেছনে ফেলে একক ভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি (৪৪ উইকেট)। এই প্রথম স্পিন দিয়ে বোলিং উদ্বোধন করলো পাকিস্তান। অফস্পিনার হাফিজ পাকিস্তানের পক্ষে প্রথম ওভারটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭০৬ ঘ.