ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ অমীমাংসিত রাখার লক্ষ্য নিয়ে শুক্রবার হোবার্টে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ানের অভিষেক হওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।
ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অভিষিক্ত পেসার জেমস প্যাটিনসনের দারুণ বোলিংয়ের সুবাদে ৯ উইকেট জিতেছে অস্ট্রেলিয়া।
হোবার্টের বেলেরিভ ওভালের উইকেট ব্যাটসম্যানদের সহায়ক হবে বলেই ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার জন্য মাঠটি দারুণ সাফল্যমন্ডিতও। ১৯৮৯ সালে এই মাঠের টেস্ট অভিষেক। তার পর থেকে এ পর্যন্ত বেলেরিভ ওভালে কোনো টেস্টে হারেনি তারা।
ব্রিসবেনে নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যানদের প্রায় সবাই খারাপ খেলেছেন। তাদের পড়া ২০টি উইকেটের ১৭টিই ছিলো ক্যাচ। যা শঙ্কা বাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডের।
নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর বলেন, “আমাদের সবারই অফ স্টাম্পের বাইরে বল মারার প্রবণতা ছাড়তে হবে। অস্ট্রেলিয়ার বোলাররা এমন অনেক বল করেছেন যেগুলো স্টাম্পকে আঘাত করতো না। কিন্তু আমরা ওই বলগুলো তাড়া করতে গিয়ে উইকেট হারিয়েছি। আমিও তা করেছি। এখন আমরা অনেক ম্যাচ খেলি। বর্তমানে ক্রিকেটারদের মানসিক শক্তি ভীষণ গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৫ঘ.
bdnews24