ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নামছে বাংলাদেশ। খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর এ পর্যন্ত ৭১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে এর আগে মাত্র ৬টি টেস্ট খেলে সবগুলোতেই হেরেছে। অবশ্য ২০০৩ সালে মুলতানে দু দলের সর্বশেষ টেস্ট থেকে অনুপ্রেরণা পেতে পারে বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সামনে ওই ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ইনজামাম-উল-হক। তবে পার্শ্ব চরিত্র হিসেবে আম্পায়াররাও কম যাননি। তাদের দেয়া একাধিক বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশকে হারের দিকে ঠেলে দেয়।
রশিদ লতিফের কথাও বলতে হবে। অলক কাপালীর ব্যাট ছুঁয়ে আসা বল মাটি থেকে তুলে ‘ক্যাচ’ নেয়ার অভিনয় করেন ওই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক ও উইকেট রক্ষণের দায়িত্বে থাকা লতিফ।
তবে সেই ঘটনাবহুল টেস্টে সত্যিকার ‘ক্রিকেট স্পিরিট’-এর জন্ম মোহাম্মদ রফিকের সৌজন্যে।
দ্বিতীয় ইনিংসে রফিক বল করার আগেই পাকিস্তানের শেষ ব্যাটসম্যান ইয়াসির আলি অনেক খানি এগিয়ে যান। রফিক ইচ্ছা করলেই তাকে আউট করে দলকে জয় এনে দিতে পারতেন। কিন্তু তা না করে ব্যাটসম্যানকে ক্রিজে ফেরার সুযোগ দেন তিনি। শেষ পর্যন্ত ইনজামামের অপরাজিত ১৩৮ রানের অসাধারণ ইনিংসের সুবাদে নাটকীয়ভাবে ১ উইকেটে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। খেলাশেষে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
মুলতানের পর প্রথম বারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ অবশ্য স্বস্তিতে নেই। জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্টে হারের পর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছেও টেস্ট সিরিজ হেরেছে তারা। স্বাগতিকদের জন্য এখন সবচেয়ে বড় অস্বস্তি ব্যাটসম্যানদের ব্যর্থতা।
বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ তামিম ইকবাল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চরম ব্যর্থ। তিন ম্যাচে তার রান ০, ৪ ও ০। অন্য বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের অবস্থাও নৈরাশ্যজনক।
অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও নাসির হোসেন অবশ্য রান পাচ্ছেন। নাসির তো দ্বিতীয় ওয়ানডেতে শতকও করেছেন। তবে সেভাবে বড় কোনো জুটি গড়ে উঠছে না।
মাঝের সারির ব্যাটিংয়ের শক্তি বাড়াতে টেস্ট দলে ফেরানো হয়েছে মোহাম্মদ আশরাফুল ও নাজিমউদ্দিনকে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটিও ম্যাচ খেলতে না পারা মাহমুদুল্লাহ রিয়াদও সুস্থ হয়ে দলে ফিরেছেন। তাদের প্রত্যাবর্তন বাংলাদেশকে অনুপ্রাণিত করবেই।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই অভিষেক হওয়া ইলিয়াস সানি নিজের দ্বিতীয় টেস্টও খেলতে নামবেন এই মাঠে। অভিষেকেই ৭ উইকেট নিয়ে সবাইকে চমকে দেয়া সানির আরো ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন মুশফিক।
সানির সঙ্গে সাকিবের চমৎকার স্পিন জুটি গড়ে উঠতে পারে। ওয়ানডেতে পাকিস্তানের ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নিয়েছেন তারা ।
তবে স্পিনাররা আক্রমণে আসার আগে উইকেটের জন্য পেসারদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। ওয়ানডেতে রুবেল হোসেন গতি ও বাউন্স দিয়ে ভালোই ভুগিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যানদের। টেস্টে তার সঙ্গে যোগ দিতে পারেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো করা রবিউল হোসেন।
পাকিস্তান অবশ্য ভীষণ শক্তিশালী প্রতিপক্ষ। তাদের স্পিন-পেস দুটো আক্রমণই দারুণ শক্তিশালী। সাঈদ আজমল, আব্দুর রেহমান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকের মতো স্পিনাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলবেনই।
তবে বাংলাদেশের জন্য আরো কঠিন হতে পারে উমর গুল ও জুনায়েদ খানকে সামলানো। শ্রীলঙ্কার সঙ্গে দুর্দান্ত বল করা জুনায়েদের বিপক্ষে এখনো খেলেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২২ঘ.
bdnews24