ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম পর্বের শেষ দিনে রংপুরের কাছে ২৪১ রানে হেরে প্রথম পর্যায় থেকেই বিদায় নিয়েছে চট্টগ্রাম।
এদিকে গত বারের রানার্সআপ ঢাকা বিভাগের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো। বৃহস্পতিবার সিলেটের কাছে ৮ উইকেটে হেরে জয়শূন্য থেকেই বিদায় নিলো দলটি। অন্য খেলায় ঢাকা মেট্রোকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। তবে হেরে গেলেও পয়েন্ট ভালো থাকায় দ্বিতীয় পর্যায়ে ঠিকই উঠে গেছে ঢাকা মেট্রো।
দ্বিতীয় পর্যায়ে ওঠা দলগুলো হলো বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী, ঢাকা মেট্রো, খুলনা ও সিলেট।
রংপুর-চট্টগ্রাম
বগুড়ায় জয়ের জন্য শেষ দিনে চট্টগ্রামের প্রয়োজন ছিলো ৪০৩ রান, হাতে ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৮৯ রান নিয়ে বৃহস্পতিবার দিনের খেলা শুরু করে নাফিস ইকবালের শতকের পরও ৩৫০ রানে গুটিয়ে যায় তারা।
১৪৯ বলে খেলা নাফিসের ১০৩ রানের ইনিংসে ১৪টি চার ও একটি ছক্কা। এছাড়া নুর হোসেন ৪৩ বলে ১০টি চার ও তিনটি বিশাল ছক্কার সাহায্যে ৬৮ রান করেন।
রংপুরের পক্ষে রহমান রনি ৩ উইকেট নেন ৬৮ রানে।
খুলনা-ঢাকা মেট্রো
রাজশাহীতে জয়ের জন্য শেষ দিনে ৫ উইকেটে ঢাকা মেট্রোর প্রয়োজন ছিল ২০০ রান। আগের দিনের ৫ উইকেটে ১৪৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো। কিন্তু এদিন মাত্র ২৪ রান যোগ করে শেষ ৫টি উইকেট হারায় তারা। শামসুর রহমান ৪৯ ও তাসামুল হক ৩৫ রান করেন।
খুলনার পক্ষে ডলার মাহমুদ, আল আমিন হোসেন ও মুরাদ খান ৩টি করে উইকেট নেন।
ঢাকা-সিলেট
ফতুল্লায় জয়ের জন্য শেষ দিনে ৯ উইকেটে সিলেটের প্রয়োজন ছিল মাত্র ৮৮ রান। ইমতিয়াজ হোসেনের অপরাজিত ৮৮ রানের সুবাদে আর এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দলটি। গোলাম রহমান ১৭ রানে অপরাজিত থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯০১ ঘ.
bdnews24