ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেক দিন ধরেই বাংলাদেশ দলে হতাশার প্রতিশব্দ ব্যাটিং। শাহরিয়ার নাফীসও তা মেনে নিয়েছেন। তার পরও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তার আত্মবিশ্বাসের উৎস দলের বোলিং ও ফিল্ডিং।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকে নাফীস বলেন, “আমরা যে ভালো ব্যাটিং করতে পারছি না, তা সত্যি। তবে ওয়ানডে সিরিজেও পাকিস্তানের ব্যাটসম্যানরা তেমন স্বস্তিতে ছিলেন না।”
“একটা ম্যাচে ওরা মোটামুটি রান পেয়েছে। আরেক ম্যাচে তো ৯১ রান তাড়া করতে গিয়ে ৫ উইকেট হারিয়েছে। এই সিরিজে দুই দলের বোলাররাই ভালো বল করছেন। আমাদের বোলারদের পাশাপাশি ফিল্ডিররাও ভালো করছেন। টেস্ট সিরিজে এটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা,” যোগ করেন তিনি।
নাফীস বলেন, “হেরে যাওয়া ম্যাচগুলো থেকে নেতিবাচক নয়, বরং ইতিবাচক দিকগুলো আমরা নিচ্ছি এবং তা নিয়েই ভাবছি। প্রত্যেক ম্যাচের মতো এবারও জেতার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।”
প্রায় প্রত্যেক টেস্টের আগে উচ্চারিত হওয়া প্রশ্নটি আবারও শুনতে হল নাফীসকে, “খেলা পঞ্চম দিনে গড়াবে তো?” নাফীস অবশ্য মনে করেন ব্যাটসম্যানরা বড় জুটি গড়তে পারলে খেলা পাঁচ দিন হওয়াও সম্ভব।
তিনি বলেন, “অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। তা না হলে বোলাররা ২০ উইকেট তুলে নেয়ার মতো পুঁজি পাবেন না।”
পাকিস্তান যে ওয়ানডে সিরিজে ভালো ব্যাট করতে পারেনি তা মানতে নারাজ সাবেক অধিনায়ক ইউনুস খান। তিনি বলেন, “টি-টোয়েন্টি ও ওয়ানডেতে রানের জন্য সংগ্রাম করতে হলেও আমরা কিন্তু জিতেছি। আসলে উইকেটের ধরন অনুযায়ী আমাদের ব্যাটসম্যানরা খেলেছেন।”
চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের ব্যাটসম্যানদের শট বাছাইও সঠিক ছিল বলে মনে করেন ইউনুস। তিনি বলেন, “আমার মনে হয় ওই ম্যাচে ব্যাটসম্যানরা সঠিক শটই খেলেছেন। ধৈর্য্য ধরে খেললে মনে হয় না উইকেট নিয়ে কোনো সমস্যা হবে।”
“অবশ্য দেশের বাইরে টেস্ট সিরিজ খেলা সব সময়ই খুব কঠিন। তবে আমরা সিরিজ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবো। ঘরের মাঠে বাংলাদেশ বেশ শক্তিশালী দল। আমার মনে হয় সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে,” যোগ করেন তিনি।
ওয়ানডের চেয়ে টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের অপেক্ষাকৃত কঠিন পরীক্ষায় পড়তে হবে বলে মনে করেন ইউনুস। তিনি বলেন, “আমাদের স্পিনাররা ভালো ছন্দে আছেন। আব্দুর রেহমানের মতো ভালো স্পিনার খেলতে পারছিলেন না। শেষ ম্যাচে সুযোগ পেয়ে তিনি ভালো করেছেন।”
“অনেক সমালোচনা, সমস্যা পেরিয়ে আমাদের দল এখন ভালো খেলছে। সব প্রতিকূলতা পেছনে ফেলে পাকিস্তান র্যাংকিংয়ে ওপরে উঠছে, উন্নতি করছে। এটা অনেক গর্বের বিষয়,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪০ ঘ.
bdnews24