ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের কাছে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারলেও ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
সিরিজে ৯০ রানে ৪ উইকেট নিয়ে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়েও এগিয়েছেন তিনি। ৬৬২ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে সাকিব আছেন সাত নম্বরে।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে ৪২০ পয়েন্ট নিয়ে সাকিব শীর্ষে থাকলেও তার দিকে ধেয়ে আসছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। সাকিবের চেয়ে মাত্র ১৩ পয়েন্ট কম নিয়ে তার অবস্থান দ্বিতীয়। তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের পয়েন্ট ৪০৫।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ৮.১৬ গড়ে ৬ উইকেট নিয়ে বোলারদের র্যাংকিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন হাফিজ। ছয় ধাপ উঠে আসা হাফিজ (৭১৮) এখন শীর্ষে থাকা স্বদেশী সাঈদ আজমলের (৭৩৭) মাত্র ১৯ পয়েন্ট পেছনে। এটাই দুজনের সেরা রেটিং পয়েন্ট। সিরিজে ৫২ রানে ৪ উইকেট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছেন আজমল।
ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে প্রথম তিনটি স্থান ধরে রেখেছেন হাশিম আমলা (৮৪৫), এবি ডি ভিলিয়ার্স (৭৯২) ও জোনাথন ট্রট (৭৭৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৫ঘ.
bdnews24