২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনেই জিতে দ্বিতীয় পর্যায়ে রাজশাহী

ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম পর্বের খেলায় তিন দিনেই বরিশালকে ১৭৫ রানে হারিয়ে দ্বিতীয় পর্যায়ে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের সপ্তম পর্বের খেলায় তিন দিনেই বরিশালকে ১৭৫ রানে হারিয়ে দ্বিতীয় পর্যায়ে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। রাজশাহী-বরিশাল যশোরে বুধবার জয়ের জন্য ৩২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সোহাগ গাজীর ৬৩ রানের আক্রমণাত্মক ইনিংসের পরও মাত্র ১৪৪ রানে থেমে যায় বরিশালের দ্বিতীয় ইনিংস। এছাড়া জপিটার ঘোষ ৩৪ ও জাভেদ ওমর ১৮ রান করেন। আর কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে। রাজশাহীর পক্ষে ফরহাদ হোসেন মাত্র ৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে বরিশালের ইনিংস ধসিয়ে দেন। এর আগে ৪ উইকেটে ১৭৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে রাজশাহী। জুনায়েদ সিদ্দিকের ৬৭ ও মুক্তার আলীর ৫০ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৩১৩ রান করে দলটি। প্রথম ইনিংসে ৬ রানে এগিয়ে থাকায় বরিশালকে জয়ের জন্য ৩২০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় তারা। বরিশালের পক্ষে সোহাগ ৪ উইকেট নেন ১১৩ রানে। সিলেট-ঢাকা ফতুল্লায় শেষ দিনে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ৮৮ রান। হাতে ৯ উইকেটে। দলটি ১ উইকেটে ৩৪ রান নিয়ে বুধবার দিনের খেলা শেষ করে। ইমতিয়াজ হোসেন ২৩ ও শাকের আহমেদ ৩ রানে ব্যাট করছেন। এর আগে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৭৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে সিলেট। ৬ রানে বাকি ২ উইকেট হারানোয় তাদের সংগ্রহ দাঁড়ায় ২৮৫ রান। এনামুল হক জুনিয়রের ব্যাট থেকে আসে ৫৪ রান। ১১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ঢাকা। আব্দুল মজিদের ৯২ রানের পরও ২৩১ রানে গুটিয়ে যায় দলটি। এছাড়া রকিবুল হাসান ৪২ রান করেন। সিলেটের পক্ষে এনামুল ৩ উইকেটে নেন ৭৬ রানে। ফলে সিলেটের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১২২ রান। ঢাকা মেট্রো-খুলনা রাজশাহীতে জয়ের জন্য শেষ দিন ঢাকা মেট্রোর প্রয়োজন ২০০ রান। হাতে রয়েছে ৫ উইকেট। বুধবার দিন শেষে তারা ৫ উইকেটে করে ১৪৩ রান। শামসুর রহমান ৪৩ ও তাসামুল হক ৩৫ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে তারা ৬৫ রান যোগ করেছেন। এর আগে ২ উইকেটে ১৩৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে খুলনা। সৌম্য সরকারের ৮০ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ২৫০ রান করে তারা। জুবায়দুর জিকু ৩৪ রানে অপরাজিত থাকেন। ঢাকা মেট্রোর পক্ষে শামসুর ৪ উইকেট নেন ৫৪ রানে। প্রথম ইনিংসে ৯২ রানে এগিয়ে থাকায় ঢাকা মেট্রোকে ৩৪৩ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দেয় খুলনা। চট্টগ্রাম-রংপুর বগুড়ায় জয়ের জন্য শেষ দিন চট্টগ্রামের চাই ৪০৩ রান আর রংপুরের ৭ উইকেট। দিন শেষে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ ৩ উইকেটে ১৮৯ রান। নাফিস ইকবাল ৭৮ ও রেজাউল করিম ২৪ রান করেন। এর আগে ৫ উইকেটে ৪২৯ রান নিয়ে বুধবার দিনের খেলা শুরু করে রংপুর। ধীমান ঘোষের ১৮৩, তানভির হায়দারের ৫৪ ও আরিফুল হকের ৪১ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৫৮৭ রানের পাহাড় গড়ে তারা। ধীমান তার ২৪৫ বলের ইনিংস সাজান ২৬টি চার ও একটি বিশাল ছক্কা দিয়ে। চট্টগ্রামের পক্ষে রেজাউল ৩ উইকেট নেন ১৮ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৪৭ ঘ.