ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দুই ম্যাচে অসহায় আত্মসমর্পণের পরেও জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা প্রবল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চট্টগ্রাম আমাদের জন্য পয়মন্ত মাঠ। এখানে দারুণ কিছু সুখস্মৃতি রয়েছে আমাদের। অতীত আমাদের প্রেরণা যোগায়। আশাকরি এবারও ফল ভালো হবে।”
সিরিজ হারের পরও শেষ ওয়ানডে জিতে নিজেদের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে চান মাহমুদুল্লাহ। টেস্ট সিরিজের আগে একটি জয় দলের মনোবল পাল্টে দেবে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, “আমরা যেভাবে শট খেলতে চাই সেভাবে খেলতে পারছি না। এখন খারাপ সময় যাচ্ছে। এ সময় হয়তো অনেক সমালোচনা হবে। আমরা চেষ্টা করছি এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে।”
“আগের ম্যাচের ভুলগুলো শুধরে, নিজেদের মেলে ধরতে পারলে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব হবে না। এই ম্যাচে আমরা জিতেও যেতে পারি,” যোগ করেন তিনি।
নাসিরের ব্যাটিং দলের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে বলে মনে করেন মাহমুমুদল্ল¬াহ। তিনি বলেন, “গত ম্যাচে নাসির হোসেন অসাধারণ ব্যাট করেছে। তার কাছ থেকে আমাদের শেখার আছে। উইকেটে বেশ কিছুটা সময় কাটালে পরের দিকে যে দ্রুত গতিতে রানও তোলা যায় তা সে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।”
দেশের মাটিতে টানা দুই সিরিজে ব্যর্থ বাংলাদেশের প্রথম সারির ব্যাটসম্যানরা। এ সম্পর্কে তিনি বলেন, “অনুশীলনে আমরা ভালো করছি কিন্তু মাঠে তা প্রয়োগ করতে পারছি না। প্রয়োগের অভাবই আমাদের ব্যর্থতার মূল কারণ। উপরের সারির ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না। বিশেষ করে তামিম-ইমরুলের রান করা জরুরী। তারা রান করলে দলও ভালো করে। তাদের মধ্যে বোঝাপড়াটা চমৎকার। অনুশীলনে দুজনই কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আশাকরি মাঠেও ভালো করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমএইচ/এসএনএল/২০৩১ ঘ.
bdnews24