ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহমেদাবাদে সোমবার ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত। এই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিতে চায় তারা। আর সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে।
দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটায়।
প্রথম দুইটি ওয়ানডেতে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওয়ানডেতে রবি রামপালের অসাধারণ একটি ইনিংস বিফলে যায়। আর ভারতের টপ-অর্ডার ব্যর্থ হলেও তরুণ রোহিত শর্মা ও বিরাট কোহলি চমৎকার ব্যটিং দৃঢ়তা দেখিয়ে দলকে জয় এনে দেন।
বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮৪ রানে তিন উইকেট হারিয়ে রীতিমত ধুঁকতে থাকে ভারত। কোহলি ও শর্মা সেখান থেকে দলকে টেনে তুলে শেষ পর্যন্ত ৫ উইকেটের সহজ জয় এনে দেন। কোহলি ১১৭ (অষ্টম শতক) ও শর্মা অপরাজিত ৯০ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম দুই ম্যাচ হারলেও নতুন এক ব্যাটসম্যানের দেখা পেয়েছে। দশ নম্বরে ব্যাট করতে নেমে রবি রামপল ৬৬ বলে ৮৬ রানে অপরাজিত ইনিংস খেলেন।
আহমেদাবাদে তাই আরো একটি জমজমাট লড়াইয়ের আশা করছে ক্রিকেট বিশ্ব। আর এই ম্যাচে দু’দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২১২০ ঘ.
bdnews24