ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিসবেনে অভিষেক টেস্টেই ম্যাচ সেরা। চতুর্থ দিনের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারের ৪ বলে মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন ও রস টেলরের উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামান তিনি। মাত্র ২১ বলে নিউজিল্যান্ডের প্রথম পাঁচ ব্যাটসম্যানকে আউট করে একদিন বাকি থাকতেই দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান তার। তিনি ২১ বছর বয়সী পেসার জেমস প্যাটিনসন। মাত্র দুটো ওয়ানডে ও নয়টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই যিনি ঢুকে পড়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলে।
প্রথম ইনিংসে প্যাটিনসনের বোলিং ফিগার ১৫-১-৬৪-১ এবং দ্বিতীয় ইনিংসে ১১-৫-২৭-৫!
সর্বশেষ দুইটি টেস্টে অস্ট্রেলিয়ার চিন্তার বিষয় ছিলো তাদের অনভিজ্ঞ পেস আক্রমণ। আর এই তরুণ পেসাররাই কিনা দলকে এনে দিলো দারুণ দুই জয়।
জোহানেসবার্গ টেস্টে অভিষিক্ত পেসার প্যাট কামিন্সের সৌজন্যে নাটকীয় জয় তুলে দুই ম্যাচ সিরিজ সমতায় শেষ করেছিলো অস্ট্রেলিয়া। কামিন্স ম্যাচ সেরা হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৫ ঘ.
bdnews24