ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিলেন জেমস প্যাটিনসন। তার এই পাঁচ উইকেটের ওপর ভর করে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে নয় উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তখনো খেলার বাকি ছিল দেড়দিন।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৯ রান। উদ্বোধনী ব্যাটসম্যান ফিলিপ হিউজেসের (৭) উইকেট হারিয়ে সহজেই পৌঁছে যায় তারা কাক্সিক্ষত ঠিকানায়।
শেষ পর্যন্ত ১২ রানে অপরাজিত ছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আর হিসেবের খাতাই খুলতে হয়নি উসমান খাজাকে।
উইকেটটি নেন ক্রিস মার্টিন। এ জন্য তাকে কোনো রান দিতে হয়নি। মাত্র এক ওভার বল করার সুযোগ পান তিনি।
ব্রিসবেন ক্রিকেট গ্রাইন্ডে রোববার সকালে চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড এক উইকেটে ১০ রান নিয়ে। কিন্তু দলের সঙ্গে ৭ রান যোগ হতেই ফিরে যান মার্টিন গাপটিল (১২), কেন উইলিয়ামসন (০) ও অধিনায়ক রস টেইলর (০)। তারা সবাই সাজঘরে ফেরেন ১৭ রানের মাথায়।
দলীয় ২৮ রানের মাথায় ডোগ ব্র্যাসওয়েল (২) বিদায় নিলে ইনিংস হারের শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড। কিন্তু ‘লোয়ার মিডল-অর্ডার’ ও লেজের দিকের ব্যাটসম্যানদের দৃঢ়তার কারণে দ্বিতীয়বার ব্যাট করতে নামতে হয় অস্ট্রেলিয়াকে।
নিউজিল্যান্ডের পক্ষে সব চেয়ে বেশি ৪২ রান করেন ডিন ব্রাউনলি। ৩৬ রান আসে জেসি রাইডারের ব্যাট থেকে। ১৭ রান করেন সাবেক অধিনায়ক ডানিয়েল ভেট্টোরি। আর রিস ইয়াং অপরাজিত থাকেন ১১ রানে।
প্যাটিনসন তার উইকেট পাঁচটি নেন ২৭ রানে। এছাড়া নাথান লিওন ১৯ রানে নেন তিন উইকেট।
নিউজিল্যান্ডের প্রথম পালার ২৯৫ রানের জবাব দেয় অস্ট্রেলিয়া ৪২৭ রান করে। ফলে স্বাগতিকরা এগিযে যায় ১৩২ রানে।
সফরকারীদের দ্বিতীয় পালা গুটিয়ে যায় ১৫০ রানে।
ম্যাচের সেরা খেলেয়াড় হয়েছেন প্যাটিনসন।
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৯ ডিসেম্বর হোবার্টে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১৪ ঘ.
bdnews24