২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত মহসিন

পাকিস্তানের অর্ন্তবর্তীকালীন কোচ মহসিন খান বলেছেন, পাকিস্তান ক্রিকেটে যে কোনো দায়িত্ব পালনে তিনি প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের অর্ন্তবর্তীকালীন কোচ মহসিন খান বলেছেন, পাকিস্তান ক্রিকেটে যে কোনো দায়িত্ব পালনে তিনি প্রস্তুত। টানা ষষ্ঠ সিরিজ জেতার পর দলের ক্রিকেটারদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মহসিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দল ভালো ক্রিকেট খেলছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন দুর্বল বলে কোনো দল নেই।” “আমরা প্রতিটি ম্যাচ নিয়ে আলাদাভাবে ভাবি এবং প্রতিটি ম্যাচ জিততে চাই। একবারে সিরিজ নিয়ে ভাবি না। সে কারণে সিরিজ জিতে গেলেও শেষ ম্যাচটিকে হাল্কাভাবে নেয়ার কোনো সুযোগ নেই,” যোগ করেন তিনি। ওয়াকার ইউনিসের বিদায়ের পর থেকে কোচ খুঁজছে পাকিস্তান। কোনো উপায় না দেখে প্রধান নির্বাচক মহসিন খানকে দলের অর্ন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয় পাকিস্তান। কোচ হিসেবে এখন পর্যন্ত বেশ সফল মহসিন। দলের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার কথা ভাবছেন কী না জানতে চাইলে তিনি বলেন, “পাকিস্তানের ক্রিকেটে যে কোনো দায়িত্ব পালনে আমি প্রস্তুত।” তিনি বলেন, “কঠিন সময় পার করছে পাকিস্তান। তবে বোর্ড, ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।” “অধিনায়ক মিসবাহ-উল-হক খুব ভালো করছেন। এজন ভালো অধিনায়ক দলের সবার সমর্থন আদায় করে নেন। মিসবাহ ঠিক তাই করছেন। দলের সবার পাশাপাশি বোর্ড ও ম্যানেজমেন্টেও পূর্ণ সহায়তা পাচ্ছেন তিনি,” যোগ করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে ভালো করছেন নাসির হোসেন। তার সামনে দারুণ ভবিষ্যত অপেক্ষা করছে বলে মনে করেন মহসিন। তিনি বলেন, “নাসির দারুণ একজন ব্যাটসম্যান, তুখোড় ফিল্ডার আর কার্যকরী অফস্পিনার। প্রথম ম্যাচ থেকে দারুণ করছেন। আজ তিনি নিজের এবং দলের জন্য গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৩৫ ঘ.