ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ডিসেম্বরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। ওই সফরের প্রাথমিক দলে আছেন পেসার জহির খান। তবে শতভাগ সুস্থ না হলে জহিরকে দলে নেয়া ঠিক হবে না বলেই মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
ইংল্যান্ড সফরে ২১ জুলাই থেকে শুরু হওয়া প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে বল করার সময় চোটে পড়া জহির মাঠ ছাড়তে বাধ্য হন। ওই সফরে আর মাঠে নামতে পারেননি তিনি। দেশে ফিরে গোঁড়ালিতে অস্ত্রোপচার করান তিনি। ফলে অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।
এই সপ্তাহে রঞ্জি ট্রফি দিয়ে আবারো প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরেছেন জহির। ‘মুম্বাই মিরর’ কে জহির বলেন, “শারীরিকভাবে আমি ভালো বোধ করছি। এখন ছন্দে ফেরা প্রয়োজন। এই ম্যাচের (মুম্বাই-উড়িষ্যা) পর আমার একটু ক্লান্ত লাগছে। এটা ভালো কারণ এর অর্থ আমার প্রচেষ্টা আছে। এতে সবাই খুশি। পরবর্তী খেলাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওটার পর দেখবো আসলে কেমন অগ্রগতি হচ্ছে।”
উড়িষ্যার বিপক্ষে ২৯ নভেম্বর শুরু হওয়া ওই ম্যাচে ২২ ওভার বল করে ৪ উইকেট নেন জহির।
এদিকে জহিরকে বড় মাপের একজন খেলোয়াড় মানলেও শতভাগ সুস্থ হতে তার আরো বেশি ম্যাচ খেলতে হবে বলে মনে করছেন গাঙ্গুলী। তিনি বলেন, “আমার মনে হয় জহির এখনো শতভাগ সুস্থ নয়। অস্ট্রেলিয়া সফরে পঞ্চাশ শতাংশ সুস্থ জহিরকে ভারত বহন করতে পারবে না। পূর্ণ সুস্থ হতে তাকে এখনো প্রচুর ম্যাচ খেলতে হবে। একটি রঞ্জি ট্রফি ম্যাচ যথেষ্ট নয়।”
“ হাতে এখনো ২৪ দিন আছে। আমার বিশ্বাস এই সময়ে আরো একটি রঞ্জি ট্রফি ম্যাচসহ অস্ট্রেলিয়ায় দুইটি অনুশীলন ম্যাচ খেলতে পারবে জহির,” যোগ করেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে ৪টি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
এরপর দলটি ওখানে ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজ খেলবে। সিরিজের অন্য দেশ শ্রীলঙ্কা।
মেলবোর্নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩৩ ঘ.
bdnews24