ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দু’দিন সমানে-সমান লড়াই হলেও তৃতীয় দিন শেষে প্রথম টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় পালায় দশ রান তুলতেই এক উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে দলটি পিছিয়ে আছে এখনো ১২২ রানে।
এর আগে অধিনায়ক মাইকেল ক্লার্কের শতকের সুবাদে প্রথম পালায় অস্ট্রেলিয়া রান করে ৪২৭। নিউজিল্যান্ডের প্রথম পালা গুটিয়ে যায় ২৯৫ রানে।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে তিন উইকেটে ১৫৪ রান নিয়ে শনিবার দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাবেক অধিনায়ক রিকি পন্টিং তার ৬৭ রানের ইনিংসটিকে আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি, থেমে যান ৭৮ রানে। তখন দলের রান ছিল ১৭৭।
ক্রিস মার্টিনের বলে বোল্ড হওয়ার আগে ১৪০ বল খেলে পন্টিং সীমানার ওপারে বল পাঠান ১২বার।
তবে অপর অপারিজত ব্যাটসম্যান ক্লার্ক ২৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে আদায় করে নেন তার টেস্ট-জীবনের ১৭তম শতক। দলীয় ৩৪৫ রানের মাথায় ক্রিস মার্টিনের বলে টিম সুথির হাতে ধরা পড়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যান ১৩৯ রান করে। তিনি তার ২৪৯ বলের ইনিংসটি সাজান ১৯টি চার ও একটি ছক্কা দিয়ে।
দলের সঙ্গে কোনো রান যোগ না হতেই পিটার সিডল (০) বিদায় নিলে কিছুটা হাসি ফিরে আসে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের মুখে। কিন্তু তাদের হতাশায় ডোবান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিন ও মিচেল স্টার্ক।
দলীয় ৪১৮ রানের মাথায় নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে সাজঘরে ফেরেন হ্যাডিন ৮০ রান করে। তার ১৪৫ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি ও ছক্কা দু’টি। আর স্টার্ক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩২ রানে।
নিউজিল্যান্ডের পক্ষে মার্টিন তিন উইকেট নেন ৮৯ রানে। এছাড়া দু’টি করে উইকেট নেন ড্যানিয়েল ভেট্টোরি ও সুথি। এ জন্য ভেট্টোরি দেন ৮৮ রান। সুথি ১০৩।
শেষ বিকেলে দ্বিতীয় পালায় নিউজিল্যান্ড সাত ওভার খেলার সুযোগ পায়। কিন্তু দশ রান তুলতেই হারিয়ে বসে তারা ব্রেন্ডন ম্যাককালামের (১) উইকেটটি।
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৯ ডিসেম্বর হোবার্টে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৪ ঘ.
bdnews24