২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরের শতকের পরও বাংলাদেশের হার

নাসির হোসেনের প্রথম শতকের পরও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানে হেরেছে বাংলাদেশ। ফলে ২-০ তে সিরিজ জয় নিশ্চিত হলো পাকিস্তানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 07:47 AM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাসির হোসেনের প্রথম শতকের পরও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানে হেরেছে বাংলাদেশ। ফলে ২-০ তে সিরিজ জয় নিশ্চিত হলো পাকিস্তানের। চট্টগ্রামে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে উমর আকমলের অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ২৬২ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১৮৬ রানে থেমে যায় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি নাসিরের ব্যাটিং। ১৯ রানে ৪ উইকেট পতনের পর মাঠে এসেছিলেন নাসির। শেষ পর্যন্ত খেলেন ১০০ রানের লড়াকু এক ইনিংস। তার ১৩৪ বলের ইনিংসে ১১টি চার ও একটি বিশাল ছক্কা। হন ম্যাচ সেরা। অবশ্য রানের খাতা খোলার আগেই মোহাম্মদ হাফিজের বলে ইউনুস খানের হাতে একবার জীবন পান নাসির। ৯ রানে আরো একবার জীবন পান তিনি। এবার সোহেল তানভীরের বলে সহজ ক্যাচ হাতছাড়া করেন উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। পাকিস্তানের দেয়া ২৬৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ভয়াবহ। ১৯ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দলের প্রথম চার ব্যাটসম্যান। একম্যাচ পরে দলে ফিরেও রানের দেখা পাননি ইমরুল কায়েস (৬)। এর আগে অফস্ট্যাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ইউনুসের খানের হাতে ধরা পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (৪)। এরপর মোহাম্মদ হাফিজের বলে এলবিডব্লি¬উর ফাঁদে পড়ে বিদায় নেন শাহরিয়ার নাফীস (৭)। চলতি সিরিজে টানা দুই ম্যাচে ব্যর্থ তিনি। উমর গুলের লাফিয়ে ওঠা বলে খোঁচা মেরে ১ রানেই অধিনায়ক মুশফিকুর রহিম বিদায় নিলে বিপদ আরো বেড়ে যায় বাংলাদেশের। পঞ্চম উইকেটে নাসির ও সাকিব আল হাসান ১০৬ রান যোগ করে দলকে বড় লজ্জার হাত থেকে রক্ষা করেন। তবে রান তোলার গতি অনেক কম থাকায় তার আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভবনা। সাঈদ আজমলের বলে তারই হাতে ক্যাচ দিয়ে সাকিব (৩৪) বিদায় নেয়ার সময় বাংলাদেশের রান ১২৫। অবশ্য ব্যক্তিগত ৯ রানে শহিদ আফ্রিদির বলে হাফিজের হাতে একবার জীবন পান সাকিব। ষষ্ঠ উইকেটে মাহমুদুল্ল¬াহ রিয়াদের সঙ্গে নাসিরের ৬০ রানের জুটি দলের পরাজয়ের ব্যবধান কমিয়েছে। নাসির আউট হওয়ার পর আব্দুর রাজ্জাক প্রথম বলেই বোল্ড হয়ে যান। মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ২০ রানে। পাকিস্তানের গুল ৪ উইকেট নেন ৩৬ রানে। এর আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে প্রথম বলেই ইমরান ফারহাতকে (৪) হারায় পাকিস্তান। দলীয় ১২ রানে শফিউল ইসলামের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে নাসির হোসেনের হাতে ক্যাচ দেন তিনি। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ ও ইউনুস খান ৫৭ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেন। রুবেল হোসেনের বল পুল করতে গিয়ে ‘টাইমিংয়ে’ গড়বড় করে মিডঅনে ইমরুল কায়েসের হাতে সহজ ক্যাচ দেন হাফিজ (৩২)। দলীয় রান ৬৯। তৃতীয় উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গে ২৪ রানের ছোট্ট একটা জুটি গড়েন ইউনুস। ২৬তম ওভারের প্রথম বলে আব্দুর রাজ্জাক এলবিডবি¬¬উর ফাঁদে ফেলেন ইউনুসকে (৩৭)। চতুর্থ উইকেটে ৮৩ রান যোগ করে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যান মিসবাহ ও উমর আকমল। এক প্রান্তে মিসবাহ দেখে শুনে খেললেও অন্য প্রান্তে আকমল চড়াও হয়েছিলেন বাংলাদেশের বোলারদের ওপর। ৩৯তম ওভারের প্রথম বলে বিদায় নেয়ার আগে ৫৪ বলে ৫ চার ও ১ ছয়ের সাহায্যে ৫৯ রান করে তিনি। সাকিব আল হাসানে বলে শফিউলের হাতে ক্যাচ দেন আকমল। দলীয় ১৯৩ রানে মিসবাহকে (৩৭) বদলি ফরহাদ রেজার ক্যাচে পরিণত করে নিজের প্রথম ওয়ানডে উইকেট নেন অভিষিক্ত ইলিয়াস সানি। এ ম্যাচেই অভিষেক হয়েছে সানির। তার বলেই ছক্কা মেরে রানের খাতা খোলেন শহিদ আফ্রিদি। আর ৮ রানের মাথায় শফিউলকে তার বলেই ক্যাচ দিয়েছিলেন আফ্রিদি। তবে তা ধরতে ব্যর্থ হন শফিউল। শেষ পর্যন্ত শফিউলের বলেই মাহমুদুল¬াহর হাতে ক্যাচ দিতে বিদায় নেন আফ্রিদি। তবে তার আগে ২৭ বলে ৩টি চার ও দুটি বিশাল ছক্কার সাহায্যে ২৭ বলে ৪২ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন তিনি। স্কোর বোর্ডে রান ২৬১। তার আগেই অবশ্য মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে রুবেলের দ্বিতীয় শিকারে পরিণত হন শোয়েব মালিক (১৭)। উইকেটরক্ষক সরফরাজ আহমেদ ১২ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ২২ রান। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন শফিউল ও রুবেল। এ জন্য শফিউল দেন ৫০ রান। রুবেল ৫৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০২৮ ঘ