ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে চলতি ঘরোয়া সিরিজে বাংলাদেশের কোনো কিছুই ঠিকঠাক মত হচ্ছে না। বিশেষ করে ব্যাটসম্যানদের ব্যাটে একদমই রান নেই। পাকিস্তানের বোলারদের মোকাবেলার পথ খুঁজে পাচ্ছেন না তারা। বুঝতে পারছেন না উইকেটের আচরণও। এই পরিস্থিতিতে শনিবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে মুশফিকুর রহিমের দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর দেড়টায়। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ।
সিরিজে সমতা ফেরাতে হলে ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলার কোনো বিকল্প নেই। রান না পাওয়ায় বেশ চাপে রয়েছেন তারা, আত্মবিশ্বাসেও ঘাটতি দেখা দিয়েছে। এই চাপ কাটিয়ে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলা কতটা খেলতে পারবেন তারা তা নিয়ে বেশ সংশয় রয়েছে।
চোটের কারণে টি-টোয়েন্টি খেলা হয়নি বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের। এরপর প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন তিনি। তামিমের কাছ থেকে একটা ভালো একটা সূচনা চান মুশফিক।
পাকিস্তানের বিপক্ষে নাঈম ইসলাম খেলছেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পর্যন্ত তেমন কিছু করতে পারেননি তিনি। টি-টোয়েন্টিতে তিন নম্বরে খেলানো হয় অলক কাপালীকে, ব্যর্থ তিনিও।
পরে নাঈমের জায়গায় প্রথম ওয়ানডেতে খেলেন শাহরিয়ার নাফীস, যথারীতি তিনিও ব্যর্থ।
এদিকে জ্বর থেকে ফিরে এখনো ছন্দে খুঁজে পাননি মাহমুদুল্লাহ রিয়াদ।
অন্যদের যেখানে ব্যাট হাতে সংগ্রাম করতে হচ্ছে সেখানে বেশ স্বাভাবিকভাবেই ব্যাট চালাতে পারছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসির হোসেন। কিন্তু নিজেদের ভুলে লম্বা ইনিংস খেলতে পারছেন না তারাও।
অধিনায়কম মুশফিক মনে করেন, উপরের সারির কেউ একজন বড় ইনিংস খেললে ম্যাচের চিত্র পাল্টে যাবে।
সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাকের স্পিনের উপর নির্ভরশীল বাংলাদেশের বোলিং আক্রমণ। মাহমুদুল্লাহ, নাঈম, অলক ও নাসিরের কাছ থেকে সহায়তা পেলে তারা ভালোই ভোগাতে পারবেন পাকিস্তানের ব্যাটিংকে।
প্রতিপক্ষ পাকিস্তানের মূল শক্তি হিসেবে এতোদিন পেস আক্রমণের কথাই ভাবা হতো। কিন্তু এখন চিত্রটা অনেকখানি পাল্টে গেছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার সাঈদ আজমল, তিন অলরাউন্ডার শহিদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক পাকিস্তানের স্পিন আক্রমণকে দলের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত করেছেন। তবে উমর গুল ও আইজাজ চিমার মতো পেসার থাকায় তাদের পেস আক্রমণও বেশ শক্তিশালী।
তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে পাকিস্তানের ব্যাটিংও শক্তিশালী। মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, উমর আকমল, মিসবাহ-উল-হক, ইউনুস খান, শোয়েব ও আফ্রিদির উপস্থিতিতে ওয়ানডের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের একটি গড়ে তুলেছে পাকিস্তান।
পাকিস্তানের সঙ্গে এর আগে ২৭টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২৬টিতে হারলেও ১৯৯৯ সালের ৩১ মে নর্দাম্পটনে বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ সংগ্রহ ৩৮৫/৭, সর্বনিু ১৬১। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২৮৫/৭ ও সর্বনিু ৮৭। দুশ রানের নিচে পাকিস্তানকে একবারই অলআউট করতে পেরেছে বাংলাদেশ। পক্ষান্তরে তিনবার একশর নিচে অলআউট হয়েছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮০৬ ঘ.
bdnews24