ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেকদিন পর হেসে উঠলো সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের ব্যাট। মূলত তার ব্যাটিংয়ের ওপর ভর করে নিউজিল্যান্ডের প্রথম পালার জবাব ভালোভাবেই দিচ্ছে অস্ট্রেলিয়া। শুক্রবার দ্বিতীয় দিন শেষে রান করেছে তিন উইকেটে ১৫৪।
উইকেটে আছেন পন্টিং ৬৭ রান নিয়ে। অন্য প্রান্তে ২৮ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।
এর আগে নিউজিল্যান্ডের প্রথম পালা থেমে যায় ২৯৫ রানে। অল্পের জন্য শতক পাননি সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। ৯৬ রান করে রান-আউট হন তিনি।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের প্রথম পালার জবাব দিতে গিয়ে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ২৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (৩) ও ফিলিপ হিউজেস (১০) সাজঘরে ফিরে গেলে পথ হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
এ অবস্থায় হাল ধরেন পন্টিং ও উসমান খাজা। তৃতীয় উইকেট জুটিতে ৬৬ রান তুলে দলকে পথে ফিরিয়ে আনতে না আনতে বিদায় নেন খাজা (৩৮)।
এরপর অধিনায়ক মাইকেল ক্লার্ক যোগ দেন রিকি পন্টিংয়ের সঙ্গে। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে দলের সঙ্গে যোগ করেন তারা ৬৩ রান। এতে কিছুটা হলেও পথে ফিরে আসে অস্ট্রেলিয়ার ইনিংস।
পন্টিং তার ১২৩ বলের ইনিংসটি সাজান ১১টি চার দিয়ে।
দিনটা নিউজিল্যান্ডের দিকে হেলেও যেতে পারতো। কিন্তু তাদের দুর্ভাগ্য, ক্লার্ক বোল্ড হয়েও বেঁচে যান একবার নো বলের কারণে। তারপরও নিউজিল্যান্ড জানে, তৃতীয় দিনের শুরুতে দুই উইকেট তুলে নিতে পারলে খেলায় ভালোভাবেই ফিরে আসবে তারা।
সকালে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড পাঁচ উইকেটে ১৭৬ রান নিয়ে। দ্বিতীয় দিন দলের সঙ্গে আরো ৭৮ রান যোগ করেন দুই অপরাজিত ব্যাটসম্যান ডিন ব্রাউনলি ও ভেট্টোরি।
ব্রাউনলি দেখেশুনে খেললেও ভেট্টোরি ছিলেন অনেক বেশি আক্রমণাত্মক। ২৫৪ রানের মাথায় রান-আউট হওয়ার আগে ১২৭ বল খেলে সীমানার ওপারে বল পাঠান ভেট্টোরি ৯ বার। তিনি দিনের খেলা শুরু করেন ৪৫ রান নিয়ে।
এরপর খেলার পাল্লা হেলে যায় অস্ট্রেলিয়ার দিকে। ৪১ রান তুলতেই নিউজিল্যান্ড হারিয়ে বসে শেষ চার উইকেট।
শেষ পর্যন্ত ব্রাউনলি অপরাজিত থাকেন ৭৭ রানে। তার ১৭৩ বলের ইনিংসে চার রয়েছে আটটি। দিনের খেলা শুরু করেন তিনি ৩২ রান নিয়ে।
অস্ট্রেলিযার নাথান লিওন চার উইকেট নেন ৬৯ রানে।
দুই টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৯ ডিসেম্বর হোবার্টে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪১৩ ঘ.
bdnews24