ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌসুমের প্রথম দিনেই বৃষ্টির বাগড়া। ব্রিসবেনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৫১ ওভার। এর মধ্যেই নিউজিল্যান্ড অস্বস্তিকর অবস্থায়। দিন শেষে অতিথিদের সংগ্রহ ৫ উইকেটে ১৭৬ রান।
ব্যাট হাতে লড়াই করছেন সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ও ডিন ব্রাউনলি। ভেট্টোরি ৪৫ ও ব্রাউনলি ৩২ রান নিয়ে ব্যাট করছেন।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা একেবারে খারাপ হয়নি। কিন্তু ৪৪ থেকে ৯৬, এই ৫২ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে যাওয়ায় বড় ধরনের ধাক্কা খায় তারা।
তাই দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টায় ব্যস্ত ব্রাউনলি ও ভেট্টোরি । অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে দুজনের অবদান ৮০ রান।
এর আগে নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল ৪৪ রানের জুটি গড়লেও পরের বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা তেমন সুবিধা করে উঠতে পারেননি। ১৩ রান করে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন গাপটিল। দলীয় সংগ্রহে আর ১২ রান যোগ হওয়ার পর ফিরে যান ম্যাককালামও (৩৪)।
এরপর মাঝের সারির তিন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন (১৯), অধিনায়ক রস টেলর (১৪) ও জেসি রাইডার (৬) বেশিক্ষণ টিকতে পারেননি।
অভিষেক টেস্টেই ঔজ্জ্বল্য ছড়িয়ে মিচেল স্টার্ক দুই উইকেট নেন ৫২ রানে। আরেক অভিষিক্ত পেসার জেমস প্যাটিনসনের শিকার একটি।
ব্যাট করার সুযোগ না পেলেও দুটো ক্যাচ নিয়ে নিউজিল্যান্ডকে বিপদে ফেলতে বড় অবদান রাখেন অভিষিক্ত ডেভিড ওয়ার্নার। ঐ দুটো ক্যাচই আবার স্টার্কের বলে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ৯ ডিসেম্বর থেকে, হোবার্টে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩৬ ঘ.
bdnews24