২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ মাস মাঠের বাইরে থাকতে পারেন জনসন

বৃহস্পতিবার পায়ের পাতায় অস্ত্রোপচার করাতে পারেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল জনসন। আর তা হলে অন্তত ৫ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার পায়ের পাতায় অস্ত্রোপচার করাতে পারেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল জনসন। আর তা হলে অন্তত ৫ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে তাকে। বুধবার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, “জনসনের বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলির চারপাশের ক্ষতিগ্রস্ত কোষ ঠিক করতে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বোর্ডের চিকিৎসক ও অস্ত্রোপচারকারী দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে আজ (বুধবার) মেলবোর্ন যাবেন তিনি। অস্ত্রোপচারের প্রয়োজন হলে আগামী ২৪ ঘন্টার মধ্যেই তা করা হবে।” কয়েক দিন আগে দক্ষিণ আফ্রিকা সফরের সময় পায়ে চোট পান ৪৭ টেস্টে ১৯০ উইকেট নেয়া জনসন। অস্ট্রেলিয়ার ফিজিও অ্যালেক্স কন্টুরিস জানিয়েছেন, অস্ত্রোপচার হলে কমপক্ষে পাঁচ মাসের জন্য জনসনকে মাঠের বাইরে থাকতে হবে। সেক্ষেত্রে জনসনকে ছাড়াই এ মৌসুমে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও ভারতের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়াকে। জনসন ছাড়াও অস্ট্রেলিয়া দলে চোটের তালিকায় আছেন পেসার রায়ান হ্যারিস ও নবাগত প্যাট কামিন্স। ফলে অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়েই বৃহস্পতিবার ব্রিসবেনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চার পেসারের মধ্যে একমাত্র পিটার সিডলেরই টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। বেন কাটিং, মিচেল স্টার্ক ও জেমস প্যাটিনসনের এখনো টেস্ট অভিষেক হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫১ঘ.