ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও অস্ট্রেলীয় টিভি চ্যানেল ‘চ্যানেল নাইন’-এর ধারাভাষ্যকার রিচি বেনো এখনো স্বদেশে দারুণ জনপ্রিয়। স¤প্রতি চ্যানেলটির চালানো একটি অনলাইন জরিপে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় তারকার তালিকায় ৮১ বছর বয়সী বেনোর অবস্থান চতুর্থ।
শুধু অভিনয় জগতের তিন তারকা হিউ জ্যাকম্যান, রেবেকা গিবনি ও কেটি ব্ল্যাঙ্কেটই আছেন বেনোর আগে।
অস্ট্রেলিয়ার প্রায় ২৮০০ ব্যক্তি এই জরিপে অংশ নেন।
এই তালিকায় আরো আছেন নিকোল কিডম্যান, মিরান্ডা কের, সায়মন বেকার, কাইলি মিনোগি, পিটার হার্ভে, গ্লেন ম্যাকগ্রা, নাওমি ওয়াটস, অ্যাঞ্জেলিনা জোলি, ব্রেট লির মতো তারকারা।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও বেনোর সহ-ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটার জানান, জরিপের ফলাফলে তিনি একদমই অবাক হননি।
‘দৈনিক টেলিগ্রাফ’ পত্রিকাকে তিনি বলেন, “ক্রিকেটের জন্য তিনি যা করেছেন সে সবই তাকে (বেনোকে) তারকায় পরিণত করেছে। তাকে সবাই সম্মান করে এবং তিনি সবসময়ই ক্রিকেটের কণ্ঠ হয়ে থাকবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৩২ঘ.
bdnews24