ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ পর্বের খেলায় তিনদিনেই জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ও খুলনা। বুধবার রাজশাহী ৯ উইকেটে ঢাকাকে এবং খুলনা ৮ উইকেটে চট্টগ্রামকে হারিয়েছে।
খুলনার জয়ে বড় অবদান রাখা আল-আমিন হোসেন ম্যাচে ১২ উইকেট তুলে নেন মাত্র ৮৯ রানে।
এদিকে রংপুরের বিপক্ষে রানের পাহাড় গড়ে তুলেছে ঢাকা মেট্রো। আর বরিশালের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে রয়েছে সিলেট।
রাজশাহী-ঢাকা
বরিশালে বুধবার জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য ছিলো মাত্র ৪৯ রান। উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর রহমানকে (২০) হারিয়েই তা করে ফেলে রাজশাহী।
রবিউল করিম ১৬ ও সাব্বির রহমান ১১ রানে অপরাজিত ছিলেন।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১১২ রান নিয়ে দিনের খেলা শুরু করা ঢাকা ৯ উইকেটে ১৩১ রানে ইনিংস ঘোষণা করে।
রাজশাহীর পক্ষে দেলোয়ার হোসেন ৪ উইকেট নেন ২২ রানে।
খুলনা-চট্টগ্রাম
যশোরে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে খুলনাকে ১১২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় চট্টগ্রাম।
নাজমুস সাদাতের অপরাজিত ৫৫ রানের সুবাদে মাত্র ২ উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। মোসাদ্দেক ইফতেখার ৪০ রানে অপরাজিত ছিলেন।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০০ রান নিয়ে দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। শেষ ৪ উইকেট হারিয়ে আরো ৪৪ রান যোগ করে তারা।
ফলে দ্বিতীয় ইনিংসে ১৪৪ রান করার সুবাদে ১১১ রানের লিড নেয় দলটি।
ঢাকা মেট্রো-রংপুর
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৯৩ রান করেছে রংপুর। ঢাকা মেট্রোর চেয়ে এখনো ৭১ রানে পিছিয়ে আছে তারা। অধিনায়ক তারিক আহমেদ ১১ ও ধীমান ঘোষ ৩৭ রানে অপরাজিত আছেন।
এর আগে ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে বুধবার দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো। শেষ ৬ উইকেটে আরো ২৩০ রান যোগ করে তারা। ফলে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫১৮ রান। শামুসর রহমান ৮৬, তাসামুল হক ৮৪ ও সানি ৪৮ রান করেন।
রংপুরের পক্ষে এআর রহমান রনি ৪ উইকেট নেন ১২১ রানে।
বরিশাল-সিলেট
চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হাতে নিয়ে ১৩০ রানে এগিয়ে রয়েছে বরিশাল। দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৪৭ রান। ইফতেখার নাঈম ৪৩ ও মনির হোসেন ১৯ রানে ব্যাট করছেন। এছাড়া জুপিটার ঘোষ ৩০ রান করেন।
সিলেটের পক্ষে এনামুল হক জুনিয়র ৫ উইকেট নেন ৪৯ রানে।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে সিলেট। শেষ ৪ উইকেট হারিয়ে আরো ৭৩ রান যোগ করে তারা। এতে ১৭ রানের লিড পায় দলটি। রাজিন সালেহ ৮০ রান করেন।
বরিশালের পক্ষে সৈয়দ রাসেল ৪ উইকেট নেন ২৭ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৫৭ ঘ.
bdnews24