২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সমস্যা অনভিজ্ঞ পেস আক্রমণ

অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। খেলাটি হবে ব্রিসবেনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়ে বৃহস্পতিবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। খেলাটি হবে ব্রিসবেনে। চোটের কারণে পেসার রায়ান হ্যারিস, মিচেল জনসন ও নবাগত প্যাট কামিন্স ছাড়াও অলরাউন্ডার শেন ওয়াটসন ওই ম্যাচে খেলতে পারবেন না। তাই এই সিরিজে অনেকটা বাধ্য হয়েই চার নতুনকে দলে নিতে হয়েছে নির্বাচকদের। এরা হলেন, তিন পেসার জেমস প্যাটিনসন, বেন কাটিং ও মিচেল স্টার্ক এবং উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে। এর মধ্যে ওয়ার্নার (৭টি), স্টার্ক (২টি) ও প্যাটিনসনের (২টি) ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও ২১টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলার অভিজ্ঞতাই সম্বল বেন কাটিংয়ের। অস্ট্রেলিয়ার পেস আক্রমণে সবচেয়ে অভিজ্ঞ পিটার সিডল। ২৩টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে এই পেসারের। এদিকে অস্ট্রেলিয়ার ঠিক বিপরীত অবস্থা নিউজিল্যান্ডের। প্রায় সব নিয়মিত খেলোয়াড়ই দলে আছেন। রানও পাচ্ছেন ব্যাটসম্যানরা। যদিও সর্বশেষ খেলা ২২টি টেস্টের মধ্যে মাত্র ৩টিতেই জিতেত পেরেছে নিউজিল্যান্ড। তবে তাদের জন্য আশার কথা হলো অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে শতক পেয়েছেন নিউজিল্যান্ডের তিন ব্যাটসম্যান জেসি রাইডার (১৭৫), ব্রেন্ডন ম্যাককালাম (১৪৬) ও অধিনায়ক রস টেলর (১৩৮)। ওই ম্যাচে তারা মুখোমুখি হয়েছিলেন স্টার্ক, প্যাটিনসন ও কাটিংয়ের। কিংবদন্তী ক্রিকেটার রিচার্ড হ্যাডলির কল্যাণে ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট জয় পেয়েছিলো নিউজিল্যান্ড। খেলাটি হয়েছিলো পার্থে। বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় ২৬ বছর পর আবারো টেস্ট জয়ের দারুণ সুযোগ পাচ্ছে র‌্যাঙ্কিংয়ের আট নম্বর দল নিউজিল্যান্ড। যদিও স¤প্রতি জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেটে নাটকীয় জয় তুলে নেয়া অস্ট্রেলিয়াই বৃহস্পতিবার অপেক্ষাকৃত ভালো দল হিসেবে মাঠে নামবে। এছাড়া ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডও অস্ট্রেলিয়ার পক্ষে। ১৯৮৮ সালে তখনকার অপ্রতিরোধ্য দল ওয়েস্ট ইন্ডিজের কাছে এই স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট হেরেছিলো অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৪২ ঘ.