ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার কটকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। কনুইয়ে চোটের কারণে এই ম্যাচ খেলতে পারছেন না স্বাগতিকদের পেসার প্রাভিন কুমার।
ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পুরো সিরিজের জন্যই বিশ্রাম দেয়া হয়েছে। শচীন টেন্ডুলকার পেয়েছেন তিন ম্যাচের বিশ্রাম। ধোনির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব বীরেন্দর শেবাগের কাঁধে।
এই সিরিজে অবশ্য নবাগত রবিচন্দ্রন অশ্বিনের সবার মনযোগের কেন্দ্রে থাকার কথা। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অভিষেক টেস্ট সিরিজে অফস্পিনে ২২টি উইকেট নেয়ার পাশাপাশি মুম্বাইয়ে শেষ ম্যাচে শতকও করেন তিনি।
অশ্বিন ছাড়াও অজিঙ্কা রাহানে, উমেশ যাদব, বরুন অ্যারন, রাহুল শর্মাদের মতো তরুণদের আগমনে এই সিরিজের ভারতীয় দলে নতুন মুখের ছড়াছড়ি। ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্কসরকার তো নতুন চেহারার দলটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত।
‘টাইমস অফ ইন্ডিয়া’ পত্রিকায় তিনি লিখেছেন, “এখন আমরা দলের তরুণ ব্যাটসম্যানদের দিকে আরো মনযোগ দিতে পারবো। শেবাগের নেতৃত্বে এরাই ভারতকে এগিয়ে নিয়ে যাবে।”
টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেলেও কলকাতায় দ্বিতীয় ইনিংসে ৪৬৩ ও মুম্বাইয়ে প্রথম ইনিংসে ৫৯০ রান করা ওয়েস্ট ইন্ডিজও ওয়ানডে সিরিজে লড়াই করতে প্রস্তুত। প্রস্তুত ওই দুই ইনিংসেই শতক পাওয়া ড্যারেন ব্রাভোও। আক্রমণাত্মক ব্যাটসম্যান কাইরন পোলার্ড যোগ দেয়ায় অতিথিরা অনুপ্রাণিতও।
ওয়েস্ট ইন্ডিজ দলে নতুন মুখ দুটি - ব্যাটসম্যান জেসন মোহাম্মদ ও অফ স্পিনার সুনীল নারায়ণ।
তবে সবকিছু ছাপিয়ে দিন-রাতের ম্যাচটিতে প্রধান চরিত্র হয়ে উঠতে পারে টস ও শিশির। কটকের বারাবতি স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর পঙ্কজ পাটনায়েক এমন আভাসই দিয়েছেন। উইকেট ব্যাটিং সহায়ক হলেও বোলাররা ভালো বাউন্স পাবেন বলেও জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৫১ঘ.
bdnews24