ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নেমেই জয়ের আনন্দে অধীর বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। তবে তারা এখানেই থেমে যেতে চান না । ম্যাচ শেষে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতের দিনগুলোও সাফল্যের আলোয় উদ্ভাসিত করার প্রত্যয় ব্যক্ত করলেন তারা।
পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৮২ রানে হারিয়ে পুরো দলের মতো বাংলাদেশের কোচ মমতা মাবেনও দারুণ রোমাঞ্চিত। তিনি বলেন, “উদ্বোধনী জুটি আমার প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। আসলে শারমীন সুপ্তাই দুদলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন।”
মমতা বলেন, “বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছে। এখন নতুনদের এগিয়ে আসতে হবে। আশা করি শারমীনের মতো ক্রিকেটাররা দলকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।”
“তবে আমাদের ব্যাটিং নিয়ে আরো অনেক পরিশ্রম করতে হবে। এই টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে দায়িত্ব পেয়েছিলাম বলে খেলোয়াড়দের ব্যাটিংয়ের টেকনিক নিয়ে কাজ করার তেমন সময় পাইনি। এখন সময় পাবো বলে এটা নিয়ে কাজ করার সুযোগও পাবো,” যোগ করেন তিনি।
এই ম্যাচে জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন অধিনায়ক সালমা খাতুন। তিনি বলেন, “জেতার ব্যাপারে আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম। তবে জেতার জন্য আমরা নিজেদের ওপরে কোনো রকম চাপ নেইনি। ওয়ানডেতে আমাদের শুরুটা ভালো হলো। এখন এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”
“তবে সাফল্যের জন্য আমাদের আরো অনেক, অনেক ম্যাচ খেলতে হবে। দেশে ও দেশের বাইরে সিরিজ খেলতে হবে। এছাড়া সব বিভাগে বিশেষজ্ঞ কোচও প্রয়োজন,” যোগ করেন তিনি।
প্রতিযোগিতার শেষ দিনে এবং বাংলাদেশেরও শেষ ম্যাচে প্রথম বারের মতো মাঠে নামার সুযোগ পেয়েছেন শারমীন আক্তার সুপ্তা। আর নেমেই ইতিহাস গড়েছেন তিনি। বাংলাদেশের পক্ষে প্রথম ওয়ানডে অর্ধশতক করার কৃতিত্ব তারই।
খেলাশেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শুক্রবার রাতে কোচ ও অধিনায়ক জানান আমি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবো। কথাটা শোনার পর থেকেই ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাস বেড়ে যায়।”
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী শারমীন গাইবান্ধার মেয়ে। জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেনের পাশের পাড়ায় তার বাড়ি। নাসিরের খেলা তাকে দারুণ অনুপ্রাণিত করে।
তিনি বলেন, “আজ (শনিবার) ৬৯ নম্বর জার্সি পরে খেলেছি। নাসির ভাইও এই জার্সি পরেই খেলেন। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচেই অর্ধশতক করেছিলেন। আমিও আজ তেমন কিছু করতে চেয়েছিলাম।”
“বাংলাদেশের প্রথম ওয়ানডে অর্ধশতক আমার ব্যাট থেকে এসেছে। এটা ভাবতেই রোমাঞ্চ বোধ করছি,” যোগ করেন তিনি।
এবারের মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে এ নিয়ে দ্বিতীয় বারের মতো বাংলাদেশের কাছে হার মানলো আয়ারল্যান্ড। গ্র“প পর্বের মতো পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও হারের কারণ হিসেবে স্পিনের বিপক্ষে ভালো খেলতে না পারাকেই দায়ী করছেন আয়ারল্যান্ডের অধিনায়ক ইসোবেল জয়েস।
তিনি বলেন, “স্পিনের বিপক্ষে আমাদের দুর্বলতার কথা সবাই জানেন। আমরা ভালো বল করেছি। কিন্তু ব্যাটিং একদমই ভালো করতে পারিনি।”
“বাংলাদেশের খেলার মান ভালো। দল হিসেবেও ওরা বেশ শক্তিশালী। ওদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছেন,”যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫০ঘ.
bdnews24